সিরিয়া ইস্যুতে পুতিন-এরদোগান বৈঠক, সন্ত্রাসীদের সমর্থন করবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়া ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছে তুরস্ক। এ নিয়ে তুর্কি রজব তাইয়েব এরদোগান বলেন, আমি আশা করি, পুতিন ও আমি সিরিয়া ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আজ ২২ অক্টোবর পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠকের কথা রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সিরিয়া ইস্যুতে তুরস্ক কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চুক্তি বা সমঝোতা করবে না বলে আবারও দৃঢ়তা ব্যক্ত করেন প্রেসিডেন্ট এরদোগান।

তিনি বলেন, আমরা কখনও সন্ত্রাসীদের সঙ্গে এক টেবিলে বসব না। এ ছাড়া অন্য কিছু হতে পারে। এটি আমাদের কাজ নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কিছু তাৎপর্যপূর্ণ বিষয় থাকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধের কিছু নীতি থাকে, সেগুলো প্রয়োগ করতে হবে।

উত্তর সিরিয়ায় ৩০ হাজার ট্রাক অস্ত্র ইরান হয়ে সন্ত্রাসী সংগঠনকে পৌঁছানো হয়েছে বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

পশ্চিমাদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা মদদপুষ্ট সন্ত্রাসীরা আমাদের আক্রমণ করছে। ন্যাটোর দেশগুলো ও ইউরোপিয়ান দেশগুলোও আক্রান্ত হচ্ছে। তা হলে আপনারা কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবেন না? তারপরও আপনি কেন তাদের (কুর্দি সন্ত্রাসীদের) পক্ষে অবস্থান নেবেন?

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস ও শরণার্থী সমস্যা আমাদের রয়েছে। আমাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে আমাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘের সংস্কার হওয়া উচিত বলে মনে করেন এরদোগান।