অধ্যক্ষকে চড়-থাপ্পড়: ছাত্রলীগ নেতা রনি কারাগারে

ফাতেহ ডেস্ক: চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে চড়-থাপ্পর ও মারধরের দৃশ্য (বায়ে), ছাত্রলীগ নেতা নুরুল আজম রনি (ডানে)
চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে চড়-থাপ্পড়, মারধর ও ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় করা মামলার জামিন নামঞ্জুর করে প্রধান আসামি মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালত এ আদেশ দেন।

নগরীর চকবাজার এলাকার বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান গত ৪ এপ্রিল রাতে চকবাজার থানায় নুরুল আজিম রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির ওই মামলা করেন। মামলাটিতে আজ সকালে জামিন নিতে যান রনি।

আদালত সূত্র জানায়, নুরুল আজিম রনি উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। ওই মেয়াদ শেষ হলে তিনি আজ সকালে স্থায়ী জামিনের জন্য চট্টগ্রাম মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন। তার পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে একদল আইনজীবী।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালত রনির আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রনি এর আগে আরও একটি মামলায় ৫১ দিন জেল খেটেছিলেন।

গত ৩১ মার্চ নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে গিয়ে কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে প্রকাশ্যে মারধর করেন রনি। তাকে কলার চেপে ধরে টেনেহিঁচড়ে নিয়ে চড়-থাপ্পড় মারেন।

পরীক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফির নামে অতিরিক্ত ৫ হাজার টাকা আদায়ের অজুহাত দেখিয়ে রনি এ অপকর্ম করেন। পরে অধ্যক্ষকে মারধরের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।

আগের সংবাদখেলাপি ঋণ: ১ লাখ ২৮ হাজার কোটি টাকা
পরবর্তি সংবাদচতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়