
মুহাম্মদ তরিকুল ইসলামঃ
বাঁকা চাঁদের দর্শনের মাধ্যমে শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস পবিত্র রমযান। বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটে আরবী ১৪৩৯ হিজরী সনের শাবান মাসের। এশার নামাজের পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা। তারাবির নামাজ আদায়ের পর ভোরে সূর্যোদয়ের আগে সাহরি খেয়ে রোজা রাখেন এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরী সালের শাবান মাসের সমাপ্তির পর প্রতিবছর মানবজীবনের সকল কলহ দূর করার বিশেষত্ব নিয়ে আগমন মাহে রমযানের।
রমযান শব্দের আভিধানিক অর্থ আত্মসংযম। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম রোজা— পবিত্র রমযান মাসেই মুসলিম জাতির ওপর রোজা ফরজ করা হয়। রমজানের প্রথম দশদিন রহমতের, মাঝের দশদিন মাগফেরাতের আর শেষের দশ দিন নাজাতের। রমজানকে বলা হয় “আত্মশুদ্ধি ও সংযমের” মাস। পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার এ মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মুসলমানরা।কতিপয় মনিষীরা বলেন,রমজান মাস হলো নেক আমল করার অন্যতম মৌসুম। মাসব্যাপী তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। যাবতীয় কামনা-বাসনাকে বিসর্জন দিযে মহান আল্লাহ তায়ালার একনিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টায় রত হন ধর্মপ্রাণ মুসলমানরা। এ মাসেই মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর অবতীর্ন হয় মানবমুক্তির সার্টিফিকেট ঐশী গ্রন্থ আল-কুরআন। হাদিসে বর্ণিত আছে,এ মাসে যেকোন ইবাদতে সত্তর গুণ বেশী সওয়াব পাওয়া যায়। তাই মুসলমানরা এই এক মাস সিয়াম-সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা অর্জনে সচেষ্ট থাকেন। মহান আল্লাহর পক্ষ হতে অঢেল বরকত ও অপার রহমত প্রাপ্তির সৌভাগ্য মেলে এ মাসে। পাপ- পঙ্কিলতা থেকে মুক্তির সুযোগ এনে দেয় রমজান। অন্য মাসের তুলনায় ইবাদতের সওয়াবও বাড়িয়ে দেয়া হয় বহুগুণে। শ্রেষ্ঠতম এ মাসে ইবাদাত-বন্দেগী করে কাঙ্খিতলক্ষ্যে ধাবিত হতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। মনের ক্লেশ- দাম্ভিকতা পুড়িয়ে মারার রসদ হলো রমজান মাস।
