খুলনা সিটি নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হিসাব

ফাতেহ ডেস্ক: কাল বাদে পরশু খুলনা সিটি করপোরেশন নির্বাচন। শুরু হয়েছে ভোটের নানা হিসাব-নিকাশ। দলীয় বিবেচনা বা নৌকা-ধানের শীষ প্রতীক প্রধান বিষয় হয়ে উঠলেও ভোটের হিসাবে অন্তত ৯টি ‘ভোটব্যাংক’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচন-বিশ্লেষকেরা বলছেন, নতুন ৫৩ হাজার ভোটার এবং ১ লাখ বস্তিবাসী ভোটের ফল নির্ধারণে নিয়ামক হয়ে উঠতে পারে। এর বাইরে বাকি ভোটব্যাংকগুলো যেমন সংখ্যালঘু ভোট, জামায়াত, হেফাজতে ইসলাম, বিহারি, শ্রমজীবী বস্তিবাসী, পাটকলের শ্রমিক ও আঞ্চলিক ভোট কোনটি কোন দিকে, সেটার একটা ধারণা পাওয়া যায়।

খুলনা সিটিতে এখন মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে ৪০ শতাংশই এসব ভোটব্যাংকের হিসাবে পড়েছে। এর আগে ২০১৩ সালের সিটি নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামানের কাছে ৬০ হাজার ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

খুলনা সিটিতে মোট ভোটের ২০ শতাংশ সংখ্যালঘু ভোট বলে ধারণা করা হয়। গত সিটি নির্বাচনে এদের একটা অংশ আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে ভোট দেয়নি বলে প্রচার আছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সরকারি দলের প্রার্থীর ‘উন্নয়নের ধারাবাহিকতার’ যে প্রচার, সেটা যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি আগামী জাতীয় নির্বাচনে এই নির্বাচনের প্রভাবের কথাও সামনে আসছে।

যদিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগরের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘এবার আমরা প্রার্থীদের সঙ্গে কোনো মতবিনিময় সভার আয়োজন করিনি। ঐক্য পরিষদের পক্ষ থেকেও কারও পক্ষে ভোট চাওয়া হচ্ছে না। যার যাকে খুশি ভোট দেবে।’ খুলনা শহরে সংখ্যালঘুদের ভোট প্রায় ৮৭ হাজার বলে জানান তিনি।

বীরেন্দ্র নাথ ঘোষ নিজে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তিনি নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। কিন্তু দলের সমর্থন পাননি।

আগের সংবাদনৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা: প্রতিবেদন দাখিল ১৩ জুন
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় তিন গির্জায় বোমা হামলায় নিহত ৯