গাজীপুরের মেয়র পদপ্রার্থী ফজলুর রহমানের সামনা সামনি

(আশির দশকে হাফেজ্জী হুজুর রহ. যখন প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তখন উনি ছাত্র। এবং তখন থেকেই মাঠপর্যায়ের একজন কর্মী। এরপর মুফতি আমিনী রহ. এর হাত ধরে রাজনীতিতে সক্রিয় হওয়া।ইন্তেকালের আগে আমিনী রহ. তার দল খেলাফতে ইসলামীর মহাসচিব  ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব দিয়ে যান।

উনি গাজিপুরের সন্তান। এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ঐক্যজোট থেকে দলীয় প্রতিক মিনার মার্কায় দাড়িয়েছেন।এলাকায় তার জশ-খ্যাতি ও জনসমর্থনের ব্যাপারে আগে থেকেই অবগত ছিলাম। এরপর গতকাল তার নির্বাচন ভাবনা নিয়ে দীর্ঘ একটি সাক্ষাতকার নিলাম। বাংলাদেশের মত রাষ্ট্রে একটি উন্নত নগরী গড়ে তোলার জন্য একজন মাওলানা ফজলুর রহমানের প্রয়োজন কেন বেশী সাক্ষাতকারটা থেকে কিছুটা হলেও বোঝা যাবে। পড়ে দেখতে পারেন।সাক্ষাৎকারটির কিছু অংশ এখানে তুলে দিচ্ছি। আশরাফ মাহদী  )

-একজন মেয়র পদপ্রার্থী হিসেবে আপনার নগর উন্নয়ন ভাবনা কি? কিভাবে গাজিপুরকে একটি উন্নয়নশীল নগরীতে রূপান্তরের পরিকল্পনা করছেন?

-আসলে নগরকে উন্নত করতে হলে প্রথমেই সংকটগুলো দূর করতে হবে। গাজিপুরের প্রধান চারটি সমস্যা হল, যানজট, জলাবদ্ধতা, বিদ্যুৎ সংকট ও গ্যাস সংকট। গত পাচ বছরে এই সংকটগুলো প্রকট হয়ে জনদুর্ভোগ এখন চরমে।

-এইসব সংকট নিরসনে বিগত বছরগুলো কোন কাজ না হওয়ার কারণ কি?

-এর একটা বড় কারণ হচ্ছে গাজিপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করার পর থেকে গত পাঁচ বছর বিএনপি সমর্থিত এম এ মান্নান সাহেব মেয়র পদে ছিলেন। কিন্তু উনি বিরোধী দলীয় লোক হওয়ায় উনাকে কাজের সুযোগই দেওয়া হয়নি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। জেলও খেটেছেন উনি। এবং সরকারের পক্ষ থেকেও এই এলাকাগুলোর কোন উন্নয়ন করা হয়নি। যার কারণে সিটি কর্পোরেশন হিসেবে গাজিপুর এখনো কোন ধরণের সুযোগ সুবিধা পায়নি। নগরবাসী সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

-বিশদলীয় জোট সমর্থিত এম এ মান্নান সাহেব মেয়র হওয়ার কারণে গত পাঁচ বছর যেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র হলে আপনিও কি সরকারের বৈরী আচরণের মুখোমুখি হওয়ার আশংকা করছেন না?

-না, আমি এমন কোন আশংকা করছিনা। কারণ জনগণ আমার সাথে আছে। আমি যদি এখন জয়লাভ করি তাহলে জনগণের সহযোগিতা নিয়ে আমরা উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারবো। তাছাড়া সরকারের সাথেও আমরা কোন ধরণের সংঘাতে যাবো না। সরকারের সাথে সংঘাতে না গিয়েও নগর উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি।

-এই সংকট থেকে উত্তরণ কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন?

-আল্লাহ যদি বিজয় দান করেন তাহলে আমি অবশ্যই যানজটের ব্যাপারে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। জলাবদ্ধতা দূর করার জন্য পানি নিস্কাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার করতে হবে। এবং উন্নত বিশ্বের নগর পরিকল্পনাবিদদের থেকে আইডিয়া নিয়ে এখানে ভাল ভূমিকা রাখতে পারবো আশা করছি।

– বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাসর্বস্ব রাজনীতির কারণে আজকে যেই সংকট চলছে সেখান থেকে বের হয়ে এসে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর ভাবনাটা আপনি কিভাবে করেন?

-এক্ষেত্রে মৌলিক সমস্যা সমাধানের বিকল্প নেই। মানুষের মূল্যবোধ ও চিন্তা-চেতনার পরিবর্তন ঘটাতে পারলে শাসক শ্রেণীর সাথে জনগণের দূরত্ব এমনিতেই কমে আসবে। উমর ইবনে আব্দুল আজিজ খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর বলেছিলেন, আল্লাহ তায়ালা হুজুর সা. কে পাঠিয়েছেন হাদি(পথপ্রদর্শক) হিসেবে, জাবি (কর আদায়কারী) হিসেবে পাঠাননি। আজকে যারা জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নিজেকে একজন সরকারী কর্মচারী মনে না করে জনগণের নৈতিক অবক্ষয় রোধেও এগিয়ে আসতে হবে।

কিন্তু আমরা দেখি যে নেতাদের মধ্যে যারাও একটু জনদরদী হন তারা শুধু জনগণের কাছে প্রথমে গিয়ে জাগতিক সমস্যাটা তুলে ধরে। ওদিকে আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় যে মৌলিক সমস্যা হয়ে দাড়িয়েছে সে সংকট নিরসনে কেউ এগিয়ে আসে না।

এগিয়ে আসা তো দূরের কথা আজকের বাস্তবতা হচ্ছে তৃণমূল থেকে নিয়ে উচ্চ পর্যায়ের নেতা ও দায়িত্বশীলদের মধ্যেও মূল্যবোধের চরম অবক্ষয় দেখা যায়। ধর্ষণ, চাদাবাজী সহ নানান ধরণের অপরাধ প্রবণতা দিনদিন বেড়েই চলছে। এগুলো বন্ধ করতে চাইলে কুরআনে কারীমে আল্লাহ তায়ালা যেটা বলে দিয়েছেন সেটাই সর্বোত্তম পন্থা।“আর তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে” (সূরা হজঃ ৪১)
এই আয়াতের ভিত্তিতে যদি আমরা সমাজ গঠন করতে পারি তাহলে সমাজের বিরাজমান অস্থিরতা ও দুর্নীতি থাকবেনা। এবং এর পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হলে মানুষ খোলাফায়ে রাশেদীনের যুগের মত দরজা খুলেও ঘুমাতেও চোর ডাকাতের ভয় করবেনা।

-তবে কি আপনি বলতে চাচ্ছেন একজন দায়িত্বশীল নেতা হিসেবে জাগতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করাটা গুরুত্বপূর্ণ না?

-সেটা আমি কখনোই বলিনা। জাগতিক উন্নয়ন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তা নিয়ে আমার পরিকল্পনাও আছে। তুরস্ক, দুবাই, সৌদি, চায়নাসহ পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো সফরের কারণে তাদের নগর পরিকল্পনাগুলোর কিছু আমার দেখা হয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগে তাদের নগর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান ও যোগাযোগের মাধ্যমে তাদের থেকে আইডিয়া নেওয়াটা খুবই সহজ। এবং এর মাধ্যমে গাজিপুর সিটি কর্পোরেশনকে উন্নত একটি নগরীতে রূপান্তরের চেষ্টায় আত্মনিয়োগ করা কঠিন কিছু বলে আমার মনে হয়না। তবে জাগতিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

এভাবে বৃহত্তর পরিসরে কাজ হলে আদর্শ সমাজ বিনির্মাণে গাজিপুর সিটি কর্পোরেশন দেশবাসীর কাছে একটি অনন্য দৃষ্টান্ত হবে বলে আমি মনে করি।”

আগের সংবাদগাজীপুর সিটি নির্বাচনী প্রচারনায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
পরবর্তি সংবাদদুটি অজ্ঞাত হামলায় তুয়ারেগের প্রায় ৪৩ জন বেসামরিক নিহত