চতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

ফাতেহ ডেস্ক: কাউন্টার খুলবে সকাল আটটায়। কিন্তু মধ্যরাত থেকেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে ভিড়ের বিস্তৃতি স্টেশনের প্রবেশপথ পর্যন্ত। টিকিট বিক্রি শুরুর পর থেকে আজ সোমবার চতুর্থ দিনেও এই ভিড় কমেনি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন প্রত্যাশীরা। আজ বিক্রি করা হচ্ছে ১৩ জুনের টিকিট।

এদিকে ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

স্টেশনে টিকিট কিনতে আসা লোকজন অভিযোগ করেন, অধিকাংশ ট্রেনের টিকিট ছাড়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই শেষ হয়ে যায়। মধ্যরাতে এসে যারা লাইনে দাঁড়াচ্ছেন, তারাই শুধু কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন। সকালের দিকে আসা অধিকাংশ লোকই টিকিট কাটতে পারছেন না।

সকাল আটটায় স্টেশনে গিয়ে দেখা যায়, কাউন্টার খোলামাত্রই টিকিটপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। অপেক্ষমাণদের কেউ কেউ গত মঙ্গলবার ইফতারের পর থেকে সারিতে আছেন বলে জানান। কাউন্টারের সামনে বসেই সেহরি সেরেছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ৬ জুন পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। স্টেশনের ২৬টি কাউন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। আর ফিরতি টিকিট বিক্রি হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত।

ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের শুক্রবার দেওয়া হয় ১০ জুনের টিকিট। শনিবার দেওয়া হয় ১১ জুনের টিকিট। এরপর ৩ জুন দেওয়া হয় ১২ জুনের, আজ ৪ জুন দেওয়া হচ্ছে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের আগাম ট্রেনের টিকিট।

অপরদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিচ, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের আগাম ফিরতি ট্রেনার টিকিট।

আগের সংবাদঅধ্যক্ষকে চড়-থাপ্পড়: ছাত্রলীগ নেতা রনি কারাগারে
পরবর্তি সংবাদখালেদা জিয়ার জামিন না হলে কঠোর আন্দোলন: নজরুল ইসলাম খান