ছেলের মৃত্যুর পরেও সম্প্রীতি আর শান্তি স্থাপনের বিরল দৃষ্টান্ত ইমামের মতো ইমাম

আমাদের অবরুদ্ধ চোখ, আমাদের অবরুদ্ধ কান, আমাদের অবরুদ্ধ চেতনা আর তথাকথিত শিক্ষার আড়ালে অশিক্ষা ও অহমিকার বাঁধন খুলে দিলেন আসানসোলের নূরানি মসজিদের ইমাম ইমদাদ উল্লাহ রশিদি। তাঁর সুদৃঢ় উচ্চারণ, তাঁর মানবিক দায়বদ্ধতা, তাঁর সবিনয় সৌহার্দ্যপ্রীতি সমাজকে জানিয়ে দিচ্ছে যে ব্যক্তিগত শোকে কাতর, স্তম্ভিত হয়েও দিশা হারাতে নেই; তাৎক্ষণিক উত্তেজনাকে রুখতে হয়। ইমান—বিশ্বাস, আত্মবিশ্বাস, ন্যায়নিষ্ঠাকে উঁচিয়ে ধরে বলা জরুরি সাম্প্রদায়িক দুষ্কাণ্ড আর প্ররোচনাকে রুখতে হলে বিবেকের শাণিত, শাশ্বত সত্যের দ্বারস্থ হওয়া প্রয়োজন। উত্তেজনাপ্রবণ মুহূর্তে সমাজের নির্বাচিত ইমামকে (নেতাকে) কী ধরনের ভূমিকা পালন করতে হবে, তা সরাসরি, সংশয়হীন ভাষায় বুঝিয়ে দিলেন মাওলানা। পারিবারিক দুর্যোগে, আরোপিত বেদনায় আমরা কজন বলতে পারি, উত্তেজনা থামাও, হিংসার মিছিল বন্ধ করো, প্রতিশোধের উন্মাদনাকে প্রশ্রয় দিয়ো না, অশান্তি বাড়িয়ো না; বাড়ালে আমি এই শহর ছেড়ে, মসজিদ ছেড়ে চলে যাব। শুধু এ রকম বলেই থেমে থাকেননি ইমদাদ উল্লাহ। বলেছেন, আমার পুত্র চলে গেছে; কিন্তু ইমান অক্ষত, পুত্রশোক আমাকে অশেষ শক্তি জোগাচ্ছে। নিহত ছেলের শবদেহ সামনে রেখে, সমাধিস্থ করার পর মুহূর্তে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে তিনি তাঁর অন্তরের যে বার্তা পেশ করলেন, তা সম্প্রীতি আর শান্তি স্থাপনের ইতিহাসে আরেক বিরল দৃষ্টান্ত হয়ে থাকল। আমরা আসানসোলে যাইনি, নিরাপদ দূরত্ব বজায় রেখে ইমামকে কুর্নিশ জানাচ্ছি। আর দিন কয়েকজুড়ে ভাবছি, ইমামের নামের অর্থের সঙ্গে তাঁর উচ্চারিত বার্তা আর বিশ্বাসের সামঞ্জস্য কী অসাধারণ। তিনি যে মসজিদের ইমাম, তার বিশেষিত নূরানি (জ্যোতিষ্মান) শব্দটিও উপাসনাগৃহের লোকায়ত কৌলীন্যের অন্যতম অভিজ্ঞান। ইমদাদ উল্লাহ রশিদি—এই তিন আরবি শব্দের সমন্বয়ে ইমামের বিশ্বাস আর কর্মের যে নিবিড় সখ্য গড়ে উঠেছে, তা কতটা স্ব-অর্জিত, কতটা ধর্মপ্রাণিত—জানি না। তবু বলতে ভালো লাগছে, ইচ্ছাও করছে যে ইমদাদ শব্দের অর্থ স্তম্ভ, খুঁটি। আর ফারসি প্রত্যয়যুক্ত রশিদি মানে, দিকদিশারি। এই দুই শব্দের মাঝখানে সম্বন্ধবাচক ‘উল্লাহ’ যুক্ত হয়ে তাঁর নামটি যে অর্থের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে, তা হচ্ছে অশেষের দিক নির্ণায়ক স্তম্ভ। ইমামের ঈশ্বর-বিশ্বাস নিখাদ। তাঁর ঈশ্বর সাম্প্রদায়িক নন। সব মানুষের। সব ধর্মের। বিশেষ আর নির্বিশেষের। তাঁর এ বিশ্বাসের খুঁটি খুব মজবুত। নৈতিকতা আর সবার মঙ্গল কামনায় নিবেদিত। সংহার নয়, ধ্বংস নয়, দুর্যোগের অবসান আর শান্তি তাঁর স্বতঃস্ফূর্ত ধর্মের লক্ষ্য। রবীন্দ্রনাথের মঙ্গলবোধের সঙ্গে এই ঈশ্বরের দূরত্ব নেই। দুষ্কৃতিদের দুষ্কাণ্ডে নিহত পুত্রের মুখচ্ছবি দেখে, শোকাতুর হয়েও ইমাম তাঁর নিভৃত অঙ্গীকারকে (ইমদাদ শব্দের আরেক অর্থ), অঙ্গীকারের মিনারকে, নিজের নাম আর দায়িত্বের মহিমাকে আরো উঁচু, আরো জাগ্রত করে দিলেন। পাশাপাশি আরো কয়েকটি সবক পেশ করলেন। প্রথমত, সামাজিক সংকটে ব্যক্তিক শোককে অতিক্রম করে অর্পিত দায়বদ্ধতাকে গুরুত্ব দিতে হয়, সুপথ বাতলে দিতে হয় বিভ্রান্ত সমাজকে।

দ্বিতীয়ত

দ্বিতীয়ত, আমরা সাধারণত মসজিদের ইমাম আর মন্দিরের পুরোহিতদের অনাধুনিক, অশিক্ষিত মনে করি। অবজ্ঞা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে তাঁদের দেখি। এ রকম অবজ্ঞাকে ঘিরেই বাংলা আর উর্দুতে একটি সহজিয়া প্রবাদের জন্ম—মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মহাম্মদ ইকবালের মতো প্রগাঢ় দার্শনিক কবিও ইমামদের সুনজরে দেখেননি। বলেছিলেন, দুই রাকাত নামাজের ইমাম সমাজের দুর্দশা কী করে বুঝবে? হাল-আমলেরও একটি দৃষ্টান্ত, বাংলার মুখ্যমন্ত্রী যখন ওয়াক্ফ তহবিল থেকে ইমাম ভাতা বরাদ্দ করলেন তখন আমরা এই বরাদ্দকে নিছক তোষণ ভেবে বিস্তর কটাক্ষ করেছি। বুঝতে চাইনি, যুগ যুগ ধরে ইমামরা দারিদ্র্য আর বঞ্ছনার শিকার। সমাজ চাঁদা তুলে তাঁদের ভরণ-পোষণের যে ব্যবস্থা করে, তা যৎসামান্য। এতে সংসার চলে না, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ জোগানো যায় না। করুণার পাত্র হয়ে মসজিদের পাশে কিংবা কারো বাড়িতে ইমামদের দিন যাপন করতে হয়। দুশ্চিন্তা আর দুর্বিষহ জীবন তাঁদের সঙ্গী। আমাদের প্রায় স্থায়ী ধারণা—ইমাম মানেই অশিক্ষিত, কূপমণ্ডূক। ইমাম মানেই পরের অন্নজীবী আর সাম্প্রদায়িক। ইমাম মানেই পরধর্ম বিদ্বেষী কিংবা জিহাদের পরম উৎসাহী শিক্ষক। অজ্ঞানতা আর ভদ্রলোকদের তথাকথিত শিক্ষার অহংকার এসব ধারণার উৎস। যারা ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আড়ালে-আবডালে, কখনো কখনো প্রকাশ্যেও ইমামসমাজকে হেয় করতে তাদের বিবেকে বাধে না।

ইমদাদ উল্লাহ তাঁর দায়িত্ববোধ আর দায়বদ্ধতার প্রশান্তবার্তা পেশ করে বুঝিয়ে দিলেন, খাঁটি ইমামের (নেতৃত্বের) উচ্চতা শুধু মসজিদের মিম্বার (উপদেশ পাঠের আসন), মসজিদের চার দেয়াল আর মিনারে সীমাবদ্ধ নয়। তাঁর পরিধি অনেক বড়, অনেক প্রশস্ত। সামাজিক দুর্যোগ ও লাগামহীন বেয়াদবির নিয়ন্ত্রণে তাঁকে কঠোর হতে হয়। মৌখিক ফতোয়া দিয়ে নয় শুধু, প্রয়োজনে ইহজাগতিকতার লড়াইয়ে শামিল হয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ‘না’। তৃতীয়ত, ইমদাদ উল্লাহ প্রকারান্তরে স্মরণ করিয়ে দিলেন, প্রাথমিক গণতন্ত্রের ছোঁয়া ইসলাম ইমামকে শুধু উপাসনা পরিচালনায় আটকে রাখেনি। তাঁর দায়িত্ব দেশসেবার সঙ্গেও যুক্ত। রাষ্ট্র যদি ভুল করে, তাহলে তাঁকে তর্জনী তুলে সতর্ক করতে হবে। সংকট যদি ব্যক্তি, সমাজ ও দেশকে ঘেরাও করে, তাহলে মসজিদের মিম্বার থেকে খুতবা (উপদেশ, সারমন) পড়ার মুহূর্তে জাতিকে (কওম, মিল্লাত) হুঁশিয়ারি দিতে হবে। শাসক আর শাসিত উভয়কেই তিনি পথ বাতলে দেবেন। না হলে তাঁর ইমামতি (নেতৃত্ব) অসম্পূর্ণ থেকে যাবে। হজরত মুহাম্মদ (সা.) নিজে এই দায়িত্ব পালন করতেন, মদিনার মসজিদ (মসজিদুন নবী) থেকে। তাঁর ওফাতের পর, প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় জননির্বাচিত চার খলিফাও অনুশাসিত আর বিবেকপ্রসূত দায়বদ্ধতা পালন করেছেন। পরে প্রাথমিক স্তরের গণতন্ত্র আর সাম্যনির্ভর (ইগেলিটারিয়ান) শাসনব্যবস্থা ছেড়ে আরব-অনারব শাসকরা যখন রাজতন্ত্র ও সামন্তবাদের অনুসারী হয়ে উঠলেন তখনই ইমামদের সামাজিক ক্ষমতার অপচয় ও অবক্ষয় ঘনিয়ে এলো। রাষ্ট্রপরিচালক উপাসনা পরিচালনার ভার প্রাজ্ঞ, শিক্ষিত, শাস্ত্রবিদদের ওপর ছেড়ে দিলেন। তবু ইমামের সামাজিক গুরুত্ব কমল না। শাসকের নামে তাঁকে উপদেশ (খুতবা) পাঠ করতে হতো। দেশ আর জাতির সংকটে পরামর্শ দিতে হতো। বিবেক, যুক্তি, বুদ্ধি, নীতিশাস্ত্র, ব্যবহারবিধিকে (ফিকাহ) সামনে রেখে তাঁরা, ইমামরা উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় নির্দেশিকা সরবরাহ করতেন। মুসলিম-অমুসলিম যেকোনো দেশে দায়িত্ব আর দায়বদ্ধতা পালনে তাঁদের সচেতন অংশ এগিয়ে আসত। গুরুত্ব দিত যেমন অনুশাসিত নির্দেশকে, তেমনি বিবেক, বুদ্ধি আর যুক্তিকেও গ্রাহ্য করত। সামাজিক উত্তেজনা আর প্ররোচনার মুহূর্তে আসানসোলের ইমদাদ উল্লাহ নৈতিক দায়িত্ব পালন করে প্রমাণ করলেন, তিনি একজন নিখুঁত ইমাম। ইমামের মতো ইমাম। তাঁর অভিব্যক্তি যেমন ধর্মপ্রসূত, তেমনি মানবধর্মে আলোচিত। তাঁর স্তম্ভিত পুত্রশোক পথ দেখাল সমাজকে। বলল, সংশয়, গুজব, প্ররোচিত অভ্যাসকে নিয়ন্ত্রণে নিয়ে এসো। জিঘাংসা আর যাবতীয় অসহিষ্ণুতার ঘাতক হয়ে উঠুক তাঁর এই জিগীষা। এটাই প্রার্থনা। আমিন।

লেখক : পশ্চিমবঙ্গের কলামিস্ট, সম্পাদক, আরম্ভ পত্রিকা, কলকাতা

আগের সংবাদসৌদিসহ চার দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদওবায়দুল কাদেরের সাথে বৈঠক সাড়ে ৪টায়