
ফাতেহ ডেস্ক: জাতিসংঘ মিশনে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দু্ই শান্তিরক্ষী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্ঘটনায় নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।
নিহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক মো. রিপুল মিয়া। আহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) সৈনিক মো. মজাহিদুল ইসলাম।
আইএসপিআরের বিজ্ঞিপ্তিতে বলা হয়, হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীগণ সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এতে বলা হয়, শনিবার ইয়ালোক নামক স্থানে কনভয়টির কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এসময় হতাহতের ঘটনা ঘটে।
