জুস খাইয়ে যাত্রীর পেট থেকে বের করা হলো ১ কেজি স্বর্ণ

ফাতেহ ডেস্ক: ভারতগামী এক পাসপোর্ট যাত্রী মহিউদ্দিন ভুইয়ার (৩২) পায়ুপথ দিয়ে ১২টি স্বর্ণের বার বের করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে এসব স্বর্ণ উদ্ধারসহ মহিউদ্দিনকে আটক করা হয়েছে।

আটক মহিউদ্দিন কুমিল্লার তিতাস থানার বড়াইকান্দি গ্রামের শাহরিয়ার ভুইয়ার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক সাইফুর রহমান বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন যাত্রী স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশে ভারত যাচ্ছেন। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে চেকপোস্ট এলাকায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সাইফুর নামে এক যাত্রীকে আটক করেন। পরে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পেটের মধ্যে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। এ সময় তাকে আবার বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এনে জুস ও পানি পান করিয়ে তার পায়ুপথ দিয়ে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার বের করে আনা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য ৬৫ লাখ টাকা।

আটক মহিউদ্দিনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।

আগের সংবাদকোরআন পড়ার সময় আল-আকসা থেকে ১২ ফিলিস্তিনি আটক
পরবর্তি সংবাদমাদক থেকে বাঁচার উপায়