
মোহাম্মদ নোমান
আব্দুল্লাহ গুল নির্বাচনে প্রার্থি হচ্ছেন না- তা নিশ্চিতভাবে জানা গেল। সাদাত পার্টির প্ররোচনায় পা না দিয়ে গুল প্রমান করলেন- তিনি ভুল করার মানুষ নন। তুর্কি পরিস্থিতি যারা পর্যবেক্ষন করেন, তারা সবাই গুলের বিষয়ে শংকিত ছিলেন। স্বয়ং একেপির ভেতরেই দুশ্চিন্তা দানা বেঁধে উঠেছিল। যদি এধরণের কিছু ঘটতো তাহলে প্রেসিডেন্ট নির্বাচন ২য় টার্মে গড়ানোর সমূহ সম্ভাবনা ছিল। যদি তা হতো তাহলে ফলাফল অনিশ্চিত হয়ে পড়তো। দু’দিকেই যাওয়ার সম্ভাবনা ছিল।
কারণ, গুল একমেলুদ্দীন নন। আলী বাবাজানসহ একেপির এককালের বাঘাবাঘা নেতারা গুলের পক্ষে। কুর্দী ভোট এখন অনিশ্চিত। এরাই গণভোটে জয়ের ট্রামকার্ড ছিল। পূর্বের নির্বাচনগুলোতেও কুর্দী ভোট পার্থক্য গড়ে দিতো। এখন সে-সময় নয়। জাতীয়তাবাদীরা গণভোটের সময় হতাশ করেছে। দলীয় প্রধানের আহবান সত্ত্বেও তাদের দুই তৃতীয়াংশ বিপক্ষে ভোট দিয়েছিল। এখনও তারা এরদোয়ান ফোবিয়া থেকে বের হতে পারেনি। তাই তাদের উপর ভরসা করা যায় না। বিরোধী শিবিরের একটাই শ্লোগান– “এরদোয়ান-বিহীন তুরস্ক”।
তারা জাতিকে বোঝাতে চায়- এরদোয়ান যা দেয়ার দিয়ে ফেলেছেন। এখন তিনিই তা ধ্বংস করছেন। এটা ঘটতে দেয়া যায় না। সব মিলিয়ে যদি অনাকাঙ্খিত কিছু ঘটতো তাহলে তাতে এরদোয়ানের পরাজয়ই হতো না কেবল, বরং একেপির ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়তো। কারণ, তুরস্কের বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাস খুব একটা ভাল নয়। একেপির আগে সিএইচপি ছাড়া আর কোন বড় দল ক্ষমতায় গিয়েও টিকে থাকতে পারেনি। সিএইচপি যেভাবে আতাতুর্কীয় আইডিওলজিকে ধারণ করে একটা মজবুত অবস্থান দাঁড় করাতে সক্ষম হয়েছে, একেপি এখনো পর্যন্ত সেভাবে মজবুত আইডিওলজির উপর দাঁড়ায়নি। এরদোয়ানের ক্যারিজমাই এখনও পর্যন্ত দলটির বড় চালিকা শক্তি। এটা একেপির বড় দূর্বলতা বললে অত্যুক্তি হবে না।
গুল বড় মাপের নেতা সন্দেহ নেই। কিন্তু তিনি জটিল এবং কুটিল রাজনৈতিক সমীকরন পড়ার মতো বিচক্ষন কিনা তা প্রমানিত হয়নি। পড়তে পারলেও রিস্কি সিদ্ধান্ত নেয়ার মতো চারিত্রিক দৃঢ়তার অধিকারী নন। গিজি পার্কের ঘটনাসহ বেশকিছু ক্ষেত্রে ব্যাপারটি চোখে পড়েছে। বিরোধীরা হয়তো তাঁকে দিয়ে এরদোয়ানের গলায় ছুরি চালাতো, কিন্তু পরবর্তীতে সেই ছুরি তাঁর গলায় বসাতে একটুও সময় নিতো না। যাইহোক, শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটলো। “স্পাইডার ম্যান” এবং “আয়রন লেডি”র লড়াই খুব বেশি উপভোগ্য না হলেও একটা স্বস্তির নিশ্বাসও বড় কিছু নিঃসন্দেহে।
