দেশী নয়, ঈদে বিদেশী কাপড়ের দিকে চোখ ক্রেতাদের

বাংলাদেশে পোশাক শিল্পে বেশ উন্নতি করলেও দেশীয় ভোক্তাদের সন্তুষ্ট করতে পারছেনা দেশীয় আমদানি। এতে করে বিশাল ভোক্তাশ্রেণী হাতছাড়া হয়ে যাচ্ছে। ঈদবাজারের পুরোটাই দখলে ভারত, চীন আর থাইল্যান্ডের।

ডিজাইন আর ফেব্রিকসের মান দেশীয় পোশাকের তুলনায় ভালো হওয়ায় ক্রেতাদের নজর কাড়লেও এসব পণ্য ক্রয়ে চড়া দাম দিতে হচ্ছে ক্রেতাদের। যদিও, আমদানি করা পোশাকের রাজস্ব আদায়ে সরকারী সংস্থাগুলোর অনিয়মের কারণে পণ্য খালাসে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ আমদানিকারকদের।

বেশ ক’বছর ধরেই দেশে ঈদকেন্দ্রিক কেনাকাটার ধরণ বদলেছে অনেকটাই। পছন্দের পোশাক প্রসাধনী কিনতে এখন আর রমজানের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন না অনেকেই। ফলাফল, রমজান শুরুর আগেই নিত্যনতুন ডিজাইনের পোশাকে ভরে ওঠে শপিং মল আর বিপণী বিতান।

চলতি বছর রাজধানীর শপিং মলগুলোতে ঈদ উপলক্ষ্যে আসা ছেলেদের শার্ট, প্যান্ট আর টি শার্টের ৬০ শতাংশই চীনের দখলে, বাকীটা ভারত আর থাইল্যান্ডের। কাপড়ের স্থায়িত্ব আর ডিজাইনের নতুনত্বের কারণে এসব পোশাকের দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের, যদিও দাম নিয়ে অসন্তোষ রয়েছে সবারই।

তবে, ব্যবসায়ীদের দাবি, রাজস্ব কর্মকর্তাদের হয়রানির কারণে ক্রমেই বাড়ছে আমদানি ব্যয়, ফলে নিয়ন্ত্রণে থাকছে না পোশাকের বাজারদর।

বাজারে চলতি বছর ঈদ বাজারে বাড়তি চাহিদা মেটাতে অধিকাংশ পণ্য আবার নতুন করে আমদানি করা লাগতে পারে বলেও মনে করছেন তারা।

পর্যবেক্ষকরা মনে করেন, এর মাধ্যমে দেশীয় পোশাক শিল্পের দুর্বলতা স্পষ্ট হয়। বিশাল ভোক্তাশ্রেণীকে আকৃষ্ট করতে না পারায় দেশীয় উৎপাদন কমে যাচ্ছে। ফলশ্রুতিতে চাকরীর বাজারে বাড়ছে চাপ। শ্রমিক অসন্তোষ ও ব্যবসায়িক মন্দার একটা বিশেষ  কারণ হিসেবেও একে উল্লেখ করা যেতে পারে।

আগের সংবাদআফগানিস্তানে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্য ও ৫০ তালেবান নিহত
পরবর্তি সংবাদখুনের পর তাবলিগ জামাতে খুনি