ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইজরাইলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল শনিবার এই খবর সংবাদমাধ্যমে জানানো হয়। এর আগে গত শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে নবী সালেহ গ্রামে ফিলিস্তিনিদের এক বিক্ষোভে ইজরাইলি সৈন্যরা গুলি চালালে পেটে গুলিবিদ্ধ হয়ে ওই কিশোর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত কিশোরের নাম মোহাম্মদ মুনির(১৭)। সে আল-তামিমি নবী সালেহ গ্রামের বাসিন্দা।

ইজরাইলি সংবাদপত্র হারেৎজের কাছে এক ইজরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এক সন্দেহভাজন পাথর নিক্ষেপ করে ‘এক সৈন্যের জীবন হুমকির মুখে ফেললে’ তাকে আইন অনুসারে গুলি করা হয়। অপরদিকে বার্তা সংস্থা এএফপির কাছে মোহাম্মদের মা বলেন, ‘আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বুলেট ব্যবহার করে তাকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।’

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা যাচ্ছে যে, ইজরাইলি এক সৈন্য দরজা খুলে মোহাম্মদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে শান্তভাবে স্থান ত্যাগ করে। পশ্চিম তীরের নাবলুসের কাছাকাছি বাইতা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনের প্রতিবাদে বিক্ষোভে ইজরাইলি বাহিনীর হামলায় ১৪৬ ফিলিস্তিনি আহত হওয়ার একদিন পরেই এই কিশোরের নিহত হওয়ার খবর এল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, গতকাল শনিবার ওই কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

সূত্র : মিডল ইস্ট আই।

আগের সংবাদকরোনাকালে ডেঙ্গু নিয়ে অবহেলা করবেন না: স্বাস্থ্য অধিদফতর
পরবর্তি সংবাদদেশে করোনায় একদিনে আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ২৯১