বৃষ্টি শোকের যাতনা; ইয়াহইয়া ইউসুফ নদভী

 

বৃষ্টির মওসুমে বৃষ্টি হবেই। নিশ্চয়ই লক্ষ করেছেন— প্রায় রাতেই বৃষ্টি হচ্ছে। গতরাতেও ভেবেছিলাম বৃষ্টি হবে। কিন্তু প্রকৃতি কাঁদে নি। সকালেও রোদ হাসে নি। এই সকালে ওই রাতের কান্না লুকিয়ে ছিলো কি? …ফজরের পরে বোঝা যাচ্ছিলো না। সাতটার পরে আকাশ মলিনবেশ ধরলো। আলো হয়ে গেলো কালো। ক্লান্তি-ডাকা ঘুমে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন ভাঙতেই দেখি— আকাশ কাঁদছে। ঝরো ঝরো বৃষ্টি হাওয়ায় সবুজ প্রকৃতি ‘দুলছে’। গাছপালায় আশ্রয় নেওয়া নীড়হীন পাখিরা জবুথবু কাঁপছে।
একটু বিরতি। আবার বৃষ্টির ঘনঘটা। অবিরাম বর্ষণ। এই বাড়া, এই কমা। বৃষ্টি দেখতে অভ্যস্ত মানুষের কাছে এ আর নতুন কী! …
কাজ বন্ধ করে আজ গভীর করে বৃষ্টির বড় বড় ফোঁটা দেখতে লাগলাম। আশপাশের প্রকৃতি দেখতে লাগলাম। বৃষ্টির ছোঁয়া পেয়ে এখানে সেখানে লকলকিয়ে বেড়ে ওঠা আগাছাও দেখলাম। দেখতে দেখতে ভাবনা এলো মনে। বিচিত্র ভাবনা। এই ভাবনায় যখন একটু ডুবে গেলাম তখন বৃষ্টিকে শুধু বৃষ্টি ভাবতে পারলাম না। মনে হতে লাগলো— এ যেনো দুঃখ-বেদনা-গলিত কান্না। অপ্রকাশিত দুঃখ-বেদনা। অপ্রকাশিতব্য দুঃখ-বেদনা।
কোনো কোনো মনের নিভৃত কোণে।
কোনো কোনো সমাজের হতাশ আচরণে।
এ দুঃখ কি অপ্রকাশিতই থাকবে?
এ হতাশা কি চাপাই থাকবে?
এ সময় বৃষ্টি এসে যেনো বলে—
হে বঞ্চিত নিপীড়িত,
হে চাপা হতাশার স্তূপ-বন্দি দীর্ঘ-নিঃশাসী,
নে, তোর হয়ে আমিই একটু কাঁদি!
শান্ত হ!
চাপমুক্ত হ একটু!
নইলে তো দমবন্ধ হয়ে মরে যাবি?!

আগের সংবাদভারত থেকে আসছে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ
পরবর্তি সংবাদশেখ সা’দীর সেই বিখ্যাত উপদেশ