
হুসাইন আহমাদ:
১৯৪১ সালে যখন জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়, হিন্দুস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম দলটিতে যোগদান করেন। জামায়াতের সুনির্দিষ্ট লক্ষ্য, লক্ষ্য অর্জনে পরিকল্পিত কর্মকৌশল ও মাওলানা মওদুদির ক্ষুরধার লেখনী— এসব ছিল তাঁদের আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ। মওদুদি সাহেব তার লেখনীতে ইসলামের যে বিপ্লবী ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন, ঔপনিবেশিক ভারতে নিষ্পেষিত মুসলমানদের তাতে আকৃষ্ট হওয়ার অনেক কারণ ছিল। কিন্তু মওদুদি সাহেবের চিন্তায় বিক্ষিপ্ত কিছু ভ্রান্তি ছিল, সচেতন আলেমগণ সে ব্যাপারে শুরু থেকেই সজাগ ছিলেন।
মওদুদি সাহেব একজন দক্ষ কলম চালক ছিলেন। কলমে তার গতি ছিল অবাধ। শক্তিও ছিল প্রবল। চিন্তাধারার বিন্যাস ও বিস্তারে কলমকেই তিনি কাজে লাগিয়েছেন। ফলে অন্যসকল চিন্তাধারার সাথে নিজের বিক্ষিপ্ত ভ্রান্তচিন্তাগুলোও বিন্যাস ও বিস্তার করেছেন লেখনীর মাধ্যমে। এক পর্যায়ে ‘খেলাফত ও মুলুকিয়াত’ (খেলাফত ও রাজতন্ত্র) লিখে সেগুলোকে একাডেমিক রূপ দান করেন। মওদুদির অনুরাগী আলেমগণ তখন নড়েচড়ে বসেন। মুগ্ধতার মোহ ভেঙে সজাগ দৃষ্টি ফেলেন। এতদিনের চেনা মুখটাকে আবিষ্কার করেন ভিন্ন এক অবয়বে। মোহভঙ্গের বেদনা নিয়ে তাঁরা ফিরে আসেন।
উপমহাদেশের সচেতন আলেমগণ মওদুদি সাহেবের ভুলগুলো চিহ্নিত করে দিচ্ছিলেন একেবারে শুরু থেকেই। উম্মাহকে সতর্কও করছিলেন তার চিন্তার ভুল-ভ্রান্তি সম্পর্কে। এবার ঘরে ফেরা আলেমগণ তাঁদের সঙ্গী হলো। কিন্তু মওদুদি সাহেব ছিলেন আপন মতে অনড়। তিনি কাউকে গুরুত্ব দেননি কখনো।
বাংলার প্রথিতযশা আলেম মুজাহিদে আযম মাওলানা শামসুল হক ফরিদপুরি রহ. ছিলেন মওদুদির সমসাময়িক। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ আঠারো বছর যাবৎ জামায়াতকে নৈতিক সমর্থন দিয়ে আসছিলেন তিনি। কিন্তু হযরতের হাতে যখন ‘খেলাফত ও মুলুকিয়াত’ বইটি আসে, তখন তিনিও অবাক হন। এতদিন যাকে সমর্থন দিয়ে আসছিলেন তার এমন সাহাবি-বিদ্বেষী রূপ দেখে বড় মর্মাহত হন। তিনি মওদুদি সাহেবকে সংশোধনের চেষ্টা করেন। ‘খেলাফত ও মুলুকিয়াত’ বইটিতে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের জবাব লিখে তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের প্রধান তিন ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম আযম, মাওলানা আব্দুর রহিম ও মাওলানা ইউসুফ প্রমুখকে লালবাগে একত্র করে তাদের সামনে বিষয়টা তুলে ধরেন। অনুরোধ করেন, মওদুদি সাহেব যেন তার এই মারাত্মক ভুলগুলো থেকে ফিরে আসেন।
কিন্তু ফরিদপুরি রহ.-এর এই অনুরোধ কোনো কাজে আসেনি। মাওলানা মওদুদি ও জামায়াত তাদের ভুল চিন্তা ও সাহাবি-বিদ্বেষী মনোভাব থেকে ফিরে আসেনি। বরং সেসবের পক্ষে পাল্টা যুক্তি দাঁড় করাতে থাকে। ফরিদপুরি রহ. তখন উম্মাহর কল্যাণার্থে ভুলের সংশোধনীগুলো বই আকারে প্রকাশ করতে বাধ্য হন। (মাওলানা রূহুল আমীন ও ওবায়দুল হক সাহেব লিখিত ‘ ভুল সংশোধন’ বইয়ের মুকাদ্দিমা)
ভুল সংশোধন : ফরিদপুরির কৈফিয়ত
ফরিদপুরি রহ. ‘ভুল সংশোধ’ন বইয়ে বলেন, ‘আমরা মওদুদী সাহেবের ভুল ধরার নিয়তেই ভুল দেখাইয়া দিতেছি না, বরং ভুল সংশোধনের জন্যই দেখাইয়া দিতেছি মাত্র। আমরা তাহার বন্ধু ছাড়া শত্রু নহি, কাজেই বন্ধু হিসাবে তাহার ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল হইয়া গিয়াছে তাহাই দেখাইয়া দিলাম। আর প্রকৃত বন্ধু ঐ ব্যক্তি— যিনি বন্ধুর ভুল দেখাইয়া সংশোধন করিয়া দেন। যাহাতে একটা ভালো কাজের মধ্যে কিছু সংখ্যক ভুল বিদ্যমান থাকার কারণে সমস্ত কাজটাই পণ্ড হইয়া না যায়।’
এরপর ফরিদপুরি রহ. মওদুদি সাহেবের ভুলগুলো ধরার পেছনে চারটি কারণ উল্লেখ করেন। যার সংক্ষেপ হ—
এক. হাদিসে বর্ণিত ফযিলত অর্জন। অর্থাৎ হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষার্থে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেন।’ আর একথা স্পষ্ট যে, সাহাবায়ে কেরামের মর্যাদা একজন সাধারণ মুসলমান থেকে অনেক বেশি। তাই সাহাবাদের সম্মান রক্ষার্থে দাঁড়িয়ে তিনি হাদিসে বর্ণিত ফযিলত অধিকভাবে অর্জন করতে চান।
দুই. উম্মতের কল্যাণচিন্তা। অর্থাৎ উম্মত ভুলের মধ্যে পড়ে থাকবে, বিশেষত সাহাবাগণের শানে ভুল ধারণা পোষণ করবে— এই চিন্তা তাকে বেশি পীড়া দিয়েছে। তিনি বলেন, আল্লাহ যেহেতু আমাকে সময় ও সহকারী বন্ধু দান করেছেন এবং ভুল ধরার জন্য পাঁচ হাজার টাকার কিতাব কেনা ও ঘেঁটে দেখার সুযোগ দিয়েছেন, তাই আমি এটাকে নিজের বড় ‘আখলাকি ফরিযা’ মনে করেছি।
তিন. ঈমানি গায়রত তথা আত্মমর্যাদাবোধ। অর্থাৎ সাহাবায়ে কেরামের ওপর আক্রমণ আসবে আর মুমিন তাতে নিরব থাকবে, তা হতে পারে না। এমন গায়রতহীন হওয়া মুমিনের চরিত্র নয়! তাই তিনি এ বিষয়ে কলম ধরেছেন।
চার. দায়মুক্তি। চতুর্থ কারণ উল্লেখ করতে গিয়ে ফরিদপুরি রহ. বলেন, মওদুদি সাহেব যেহেতু শরিয়তের বিধান অনুসারে কতকগুলো জরুরি কাজে অগ্রসর হয়েছিলেন, এই জন্য আমার সমর্থনে ও উৎসাহদানে আমার বহু দোস্ত মওদুদি প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং রোকন হয়েছেন। তাই সেই সমস্ত ভাইদের সত্য জানিয়ে দেওয়া আমার উপর ফরয হয়ে গেছে। (ভুল সংশোধন, পৃ. ১২১–১২৩)
ভুল সংশোধন : একটি এজমালি চিত্র
ভুল সংশোধন বইয়ের আলোচনা ফরিদপুরি রহ. এভাবে শুরু করেন, মূলগতভাবে শুধু সাহাবি হওয়ার দিক থেকে সাহাবায়ে কেরাম সকলেই সমান। কিন্তু রাসুুল সা. এর সাথে সাহচর্যের দীর্ঘতার ভিত্তিতে সাহাবাদের চারটি স্তরে বিভাজন করা হয়।
এক. নিম্ন—মুয়াবিয়া রা. এই স্তরের অগ্রগণ্য।
দুই. মধ্যম—মুগিরা ইবনে শোবা রা. এই স্তরের অন্যতম।
তিন. উচ্চ—আশারায়ে মুবাশশিরা, তালহা ও জুবায়ের রা. এই স্তরের অন্তর্ভুক্ত।
চার. উচ্চতর—খুলাফায়ে রাশেদিন, হযরত উসমান রা. এই স্তরের তৃতীয়জন। (ভুল সংশোধন, পৃ. ১৯)
ফরিদপুরি রহ. বলেন, মওদুদি সাহেব তার ‘খেলাফত ও মুলুকিয়াত’-বইয়ে উল্লিখিত চারো শ্রেণির সাহাবার উপরই সমালোচনার খড়গ চালিয়েছেন। সবচেয়ে বেশি আঘাত করেছেন হযরত মুয়াবিয়া রা. উপর।
এরপর তিনি মওদুদির উত্থাপিত প্রতিটি অভিযোগ ও সমালোচনার দালিলিক ও যৌক্তিক জবাব দিয়েছেন। ঐতিহাসিক সত্যকে উদ্ঘাটন করেছেন। সংশোধন করে দিয়েছেন মওদুদির ভুলগুলো।
মওদুদি সাহেব হযরত মুয়াবিয়া রা.-এর ব্যাপারে অভিযোগ দায়ের করতে গিয়ে যেসব বর্ণনার আশ্রয় নিয়েছেন সেগুলো যে জাল-বানোয়াট, ফরিদপুরি রহ. তা প্রমাণ করেছেন। প্রকাশ করে দিয়েছেন উৎসগ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে মাওলানা মওদুদির ইলমি খিয়ানতগুলোও। এ বইয়ে ফরিদপুরি রহ. কুরআন ও সুন্নাহতে সাহাবায়ে কেরামের কি মর্যাদা তা তুলে ধরেছেন। সতর্ক করেছেন তাঁদের সমালোচনা করার ভয়াবহ পরিণতি সম্পর্কেও।
ফরিদপুরি রহ. বলেন, মওদুদি সাহেব ইসলামবিরোধী শিয়া রাফেজি ও ওরিয়েন্টালিষ্টদের ভাষায় কথা বলেছেন। তাদের সুরে গলা মিলিয়েছেন। তার প্রমাণ তিনি বইয়ে দিয়েছেন। অথচ এমন তো হওয়ার কথা ছিল না! তার মতো সমঝদার ব্যক্তির কাছে মুসলমানদের প্রত্যাশা এমন ছিল না!
যুগের চাহিদা ও মাওলানা মওদুদির বুদ্ধিবৃত্তিক বিলাস
এ ব্যাপারে পাকিস্তানের শরিয়া কোর্টের সাবেক চিফ জাস্টিস মুফতি তকি উসমানি সাহেব দা. বা. বলেন, ‘গোটা পৃথিবীর সম্পদশক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং চিন্তা জগতে বিপ্লব সৃষ্টিশীল প্রচার মাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলো আজ এমন সব ইসলামবিরোধী চক্রের একচেটিয়া দখলে। যারা নিজেদের অন্তর্দ্বন্দ্ব সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ; কিংবা ঈমান ও বিশ্বাসের জগতে দাসসুলভ হীনমন্যতায় আক্রান্ত এমন সব নামধারী মুসলমানের কব্জায়, যারা পশ্চিমা মুরুব্বীদের মর্জিমাফিক ইসলামের একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারলেই কৃতার্থ। এমতাবস্থায় ইসলামবিরোধী চক্রের মোকাবেলায় সহায়সম্বলহীন হকপন্থীদের পক্ষে ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে একমাত্র কার্যকর অস্ত্র। সুতরাং নিজেদের খুঁটিনাটি সাবেক মতবিরোধকেও একটা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রেখে আমাদের সর্বশক্তি সেসব ক্ষেত্রে নিয়োজিত করাই কি সমীচীন নয়, যে দিক থেকে ইসলামের উপর আজ কুফর ও নাস্তিকতার নগ্ন হামলা আসছে? গুরুত্বহীন ও পার্শ্ববিষয়গুলোর পরিবর্তে আমাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তি এমন সব মৌলিক সমস্যার সমাধানে ব্যয় করাই কি উচিত নয়, যার উপর নির্ভর করছে আজকের মুসলিম উম্মাহর জীবন মরণের প্রশ্ন এবং মুসলিম জাহানের ভাগ্যের ফায়সালা?
এটা অবশ্যই সত্য যে, যুগের ভাষায় ইসলামী খেলাফতের নির্ভুল ব্যাখ্যা ও বাস্তব রূপরেখা তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। স্বীকার করতে সংকোচ নেই যে, এ পর্যায়ে মাওলানা [মওদুদি] সাহেব তার গ্রন্থের [খেলাফত ও মুলুকিয়াত] প্রথম তিন অধ্যায়ে সামগ্রিকভাবে বেশ প্রশংসনীয় প্রয়াস চালিয়েছেন। কিন্তু আমাদের মতে বর্তমান সময়ের দাবী পূরণের জন্য এতটুকু আলোচনাই যথেষ্ট ছিল যে, ইসলামী খেলাফতের রূপরেখা কী? খেলাফত কায়েমের পথ ও পন্থা কী? এবং প্রশাসনের ক্ষমতা ও অধিকার তথা শাসক ও শাসিতের মাঝে সম্পর্কের বুনিয়াদ ও প্রকৃতিই বা সেখানে কী?
পক্ষান্তরে ইসলামের ইতিহাসে খেলাফত কীভাবে রাজতন্ত্রে রূপ নিলো এবং সে অপরাধের দায়-দায়িত্ব কার কতটুকু— এটা নিরেট ঐতিহাসিক আলোচনা মাত্র। উম্মাহর বর্তমান সময়সন্ধিক্ষণে এ নিয়ে দস্তুরমত গবেষণায় ডুব দেয়া ‘বুদ্ধিবৃত্তিক বিলাস’ হতে পারে, ইসলামের সেবা হতে পারে না। কেননা আজকের মুসলমানদের বিশেষ কোন স্বার্থ ও কল্যাণের প্রশ্ন এর সাথে জড়িত নয়। তাছাড়া এমন তো নয় যে, অতীতে এ বিষয়ে কোন আলোচনা হয়নি, যার ফলে ইসলামের ইতিহাসে দৃষ্টিকটু কোন শূণ্যতা রয়ে গেছে। কম করে হলেও আজ থেকে পাঁচশ বছর আগে আল্লামা ইবনে খালদুনের মত জগদ্বরেণ্য ঐতিহাসিক পূর্ণ বিশ্বস্ততা ও কুশলতার সাথে সে শূণ্যতা পূরণ করে দিয়ে গেছেন। তিনি তাঁর সুবিখ্যাত ‘আল মুকাদ্দিমা’ এর তৃতীয় অধ্যায়ে ‘খিলাফত ও রাজতন্ত্র’ সম্পর্কে বেশ বিস্তৃত আলোচনা করেছেন এবং সে অধ্যায়ের ছাব্বিশতম অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন, في انقلاب الخلافة الى الملك ‘খিলাফতের রাজতান্ত্রিক রূপান্তর’।
ইবনে খালদুন তাঁর স্বভাসুলভ মার্জিত ও সংযত ভাষায় এ রূপান্তরের প্রেক্ষাপট ও কার্যকারণের যুক্তিনির্ভর ব্যাখ্যা দিয়েছেন। ইসলামী ইতিহাসের ঘটনাপ্রবাহ ও চড়াই-উৎরাই সম্পর্কে আল্লামা ইবনে খালদুনের যে সুগভীর নজর ছিলো, জানি না কেউ আজ তাঁর সমকক্ষতা দাবী করেন কি না। মুসলিম-অমুসলিম সকল ঐতিহাসিকই ইতিহাস ও ইতিহাসদর্শনের আসরে তাঁর ‘পৌরহিত্য’ স্বীকার করে থাকেন। পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর চিন্তাধারাসম্বলিত ‘আল মুকাদ্দিমা’ এর তরজমাও তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। আল মুকাদ্দিমার সে আলোচনায় মর্মান্তিক সাহাবা-বিরোধের খুনদরিয়া আল্লামা ইবনে খালদুন বেশ নিরাপদেই পাড়ি দিয়ে এসেছেন। সুতরাং আজকের এ নাযুক সময়ে অতীতের একটি মীমাংসিত বিষয়ে ‘কলম খোঁচানো’ আমাদের মতে নেবু কাডনেজারের জেরুজালেম আক্রমণকালে ইহুদী পণ্ডিতদের জানকবুল বাকযুদ্ধের মতই হাস্যকর এবং তাতারী হামলাকালে আলী-মুয়াবিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে বাগদাদী উলামাদের ‘মোরগ লড়াই’য়ের মতই দুঃখজনক।’ (ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রা. পৃ. ২৫–২৭)
মাওলানা মওদুদি ও জামায়াতে ইসলামী সম্পর্ক : গোলাম আযমের বক্তব্য
মাওলানা মওদুদির সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক কতটুকু, এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মরহুম সাবেক আমির অধ্যাপক গোলাম আযম কয়েকটি কথা বলেছেন। কথাগুলো তাঁর লিখিত ইকামাতে দ্বীন বই থেকে সামান্য নোক্তা সহ উদ্ধৃত করা হল।
এক. ‘মাওলানা সাইয়েদ আবুল আ‘লা মওদুদী রহ. আজীবন এ কথার উপর জোর দিয়ে গেছেন যে, আল্লার রাসূল সা. ছাড়া আর কোন ব্যক্তিকে অন্ধভাবে মানা উচিত নয়। একমাত্র রাসুলই ওহী দ্বারা পরিচালিত হওয়ার দরুণ নির্ভুল। অন্য কেউ ভুলের উর্ধ্বে নয়। [এই যুক্তির ভিত্তিতেই তাঁরা সাহাবায়ে কেরামদের معیار حق তথা সত্যের মাপকাঠি মানতে রাজি নন।] সুতরাং মাওলানা মওদুদীর কোন কথাকেই রাসুলের কষ্টি পাথরে যাচাই না করে মানতে রাজি নই। কুরআন ও সুন্নার বিচারে তার মতামত যতটুকু গ্রহণযোগ্য মনে হয় আমি ততটুকুই গ্রহণ করি। এটাই জামায়াতে ইসলামীর নীতি।’
দুই. ‘মাওলানা মওদুদী হানাফী মাযহাবের অনুসারী ছিলেন। কিন্তু জামায়াতে ইসলামীতে আহলে হাদীস লোকেরও সমাবেশ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে কোন মাযহাবের লোক এ জামায়াতে শামিল হতে পারে।’ [মর্মার্থ]
তিন. ‘জামায়াতের সবারই ইসলাম সম্পর্কে অতীত ও বর্তমান সকল লেখকের বই থেকে স্বাধীনভাবে মতামত গ্রহণ করার পূর্ণ অধিকার রয়েছে। প্রাচীন ও আধুনিক তাফসির, হাদিস ও ফেকাহ ইত্যাদি থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে প্রত্যেরই স্বাধীনভাবে আপন মতামত স্থির করার অধিকার রয়েছে। মাওলানা মওদুদী রহ. চিন্তার স্বাধীনতার উপর এত গুরুত্ব দিয়েছেন বলেই তাকে অন্ধভাবে অনুসরণ করার কোন আশংকা নেই।’ [চিন্তা স্বাধীনতার এই নীতি তাঁরা সাহাবায়ে কেরামের ব্যাপারেও প্রয়োগ করেন।]
চার. ‘জামায়াতে ইসলামী মাওলানা মওদূদী রহ.-কে ফেকাহ বা আকায়েদের ইমাম মনে করে না। তাঁর ইজতেহাদকে মেনে নেওয়াও জামায়াতের কোন নীতি নয়।’
এরপর অধ্যাপক গোলাম আযম বলেন, ‘জামায়াতে ইসলামীর নিকট মাওলানা মওদুদী রহ. তিনটি কারণে বিশেষ মর্যাদার অধিকারী:
ক. এ যুগে মাওলানা মওদুদীর সাহিত্য ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পেশ করে দ্বীন ইসলামের সঠিক মর্যাদা বহাল করেছেন।
খ. এ শতাব্দীতে তিনিই ইকামতে দ্বীনের ডাক দিয়ে এ উপমহাদেশে পয়লা বাতিলের বিরুদ্ধে জামায়াবদ্ধ প্রচেষ্টা চালিয়েছেন। …[যার ফলে] উপমহাদেশে ইসলাম আজ একটি বলিষ্ঠ বিপ্লবী আন্দোলনে রূপ নিয়েছে।
গ. মুসলিমদেরকে বিজ্ঞান সম্মত পন্থায় সুসংগঠিত করার জন্য মাওলানা মওদুদী যে সাংগঠনিক প্রতিভার পরিচয় দিয়েছেন তা এ যুগে অতুলনীয়। আধুনিক যুগে বাতিল সংগঠনের সাথে পাল্লা দিয়ে মুসলমানদেরকে একটা সুশৃংখল শক্তিতে পরিণত করার জন্য তিনি যে সাংগঠনিক কাঠামো ও কর্ম কৌশল দান করেছেন এর ফলে তারা দুনিয়া থেকে চলে যাওয়া সত্ত্বেও সংগঠন কোন দিক দিয়ে দুর্বল হবার আশংকা নেই।’
(গোলাম আযমকৃত ইকামাতে দ্বীন, পৃ. ৭৫–৭৮)
এরপর অধ্যাপক গোলাম আযম মাওলানা মওদুদির ভূয়সী প্রশংসা করেন এবং তার ভ্রান্তিসমূহের বিরুদ্ধে ফতোয়া প্রদানকারীদের সমালোচনা করেন। ঠিক এইখানটায় এসে গোলাম আযম সাহেবের বক্তব্য বড়ই রহস্যপূর্ণ ঠেকে! প্রথমে তো মওদুদি সাহেবকে অন্ধভাবে মানবেন না বলে ঘোষণা দিলেন, কিন্তু পরক্ষণেই মওদুদির ভুলগুলো সঠিক প্রমাণের জন্য যুক্তি দাঁড় করাতে থাকলেন।
প্রসঙ্গত বলা যায়, রহস্যপূর্ণ এই পদ্ধতির অবলম্বন অধ্যাপক গোলাম আযম শুধু একা করেন না, জামায়াতে ইসলামীর বোদ্ধামহলের প্রায় প্রত্যেরই এই একই কৌশল। মুখে তো বলেন মওদুদিকে তাঁরা অন্ধভাবে মানেন না, কিন্তু কার্যক্ষেত্রে মওদুদির ভুলগুলোকে সঠিক সাব্যস্ত করার জন্য তাঁরা কোমর বেঁধে নেমে পড়েন। ‘খেলাফত ও মুলুকিয়াত’ (খেলাফত ও রাজতন্ত্র) বইটা প্রকাশের পর পাকিস্তানে উলামা-জামায়াত বিতর্ক এবং আল বালাগ ম্যাগাজিনে তকি উসমানির প্রবন্ধ ‘হযরত মুয়াবিয়া রা. আওর তারিখি হাকায়েক’ (বাংলায় ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রা.) এর শান্ত-সুশীল ভাষার দালিলিক আলোচনার বিরুদ্ধে তাদের অসৌজন্য ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার ও মওদুদির ভুলগুলো গায়ের জোরে প্রতিষ্ঠা করার আপ্রাণচেষ্টা থেকে মওদুদির প্রতি তাদের অন্ধভক্তির নমুনা কিছুটা আন্দায করা যায়।
জামায়াতে ইসলামীতে যোগদান : ফরিদপুরির সিদ্ধান্ত
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সম্পর্কে মাওলানা ফরিদপুরি রহ. বলেন, ‘যে যাবত পর্যন্ত জামায়াতে ইসলামী জামায়াতের মূলনীতিতে এই ঘোষণা দিয়া না দিবেন যে, ‘আমরা মওদুদী সাহেবের ঐ ভুলসমূহ সম্পূর্ণ বর্জন করিয়াছি’ তাবত পর্যন্ত জামায়াতে ইসলামীতে যোগদান করা, কাজ করা কোন মুসলমানের জন্য জায়েয হইবে না। যাহারা সাহাবায়ে কেরামদের দোষচর্চায় লিপ্ত তাহারা যে কেহই হউন না কেন, তাহাদিগকে ইমাম বানাইয়া পিছনে নামায পড়া কিছুতেই জায়েয হইবে না। কারণ যেহেতু তাহারা সাহাবায়ে কেরামের দোষচর্চার কারণে আহলে ছুন্নত ওয়াল জামায়াত হইতে খারেজ হইয়া গিয়াছে।
গোনাহের কাজ হইতে তওবা করার নিয়ম এই যে, হাদীছ শরীফে আসিয়াছে, السر بالسر و العلانية بالعلانية অর্থাৎ গোপন পাপের তওবা গোপনভাবে এবং প্রকাশ্য পাপের তওবা প্রকাশ্যভাবে করিতে হইবে। যে কেহ কোন একজন সাহাবীর মিথ্যা দোষচর্চা করিয়াছেন, তাহার অবশ্যই উপরোক্ত নিয়মে তওবা করিতে হইবে।’ (ভুল সংশোধন, পৃ. ১২৪)
