ময়মনসিংহের জন্মদিন : ভুলে যাওয়া ইতিহাস

আরজু আহমেদ

গত পয়লা মে, ময়মনসিংহের তথাকথিত ২৩১ তম জন্মদিন উদযাপন করলেন কেউ কেউ। যেন ময়মনসিংহ এর আগে ছিল না! ইংরেজরা জেলা সদরের ঘোষণা দেবার পরই জন্ম নিয়েছে এটা।

অথচ আকবরের আগেই ঈসা খাঁর আমলেই জোরদার শাসনতান্ত্রিক দেশীয় রাজ্য ছিল এখানে। আইন-এ-আকবরিতে এখানকার প্রশাসনিক অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।

আরও আগে থেকেই এখানে শক্তিশালী এডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল। সুতরাং কি কারণে ইংরেজের স্বীকৃতিকে আমাদের মেনে নিতে হবে তা আমার বোধগম্য হয় না।

বলতে পারেন, এই স্থানে জেলা সদর ছিল না, এখানে ইংরেজই স্থাপন করেছে। কিন্তু এখন যেখানে ময়মনসিংহ সেখানে তো ইংরেজ জেলা সদর স্থাপন করে নাই।

করেছিল, বর্তমান জেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে ১৭৮৭ সালে, এরপর বন্যায় ১৭৯১ নাগাদ বেগুনবাড়ি পানির নীচে তলিয়ে গেলে।

বন্যা কয়েক মাস স্থায়ী হলে জেলা সদর বর্তমানের স্থানে স্থানান্তরিত হয়। বেগুনবাড়িতে আমাদের পরিবারের সাত পুরুষ ধরে বাস।। বেগুনবাড়িতে নীল কুঠিও স্থাপন করা হয়।

সেখানে জেলা স্থাপন ১ লা মে হয় নাই। ফলত এটাও কোনও যুক্তি না। আসলে ইংরেজরা ময়মনসিংহের ঐতিহাসিক চরিত্র বদল করে এ অঞ্চলে জেলা সদর স্থাপনের কারণ হল-

সেসময় এর পশ্চিমে শেরপুর ও মধুপুরে ইংরেজদের বিরুদ্ধে উলামা মাশায়েখ ফকির-দরবেশরা তুমুল বিদ্রোহ গড়ে তুলেন, এমনকি শেরপুরে নিজস্ব মুদ্রা ও বিচার ব্যবস্থাও তারা প্রবর্তন করেছিলেন কিছুকালের জন্য।

ইংরেজদের বিরুদ্ধে এটা ছিল উপমহাদেশের বৃহত্তর প্রতিরোধ সংগ্রামে মুসলমানদের বড়ো রকমের সাফল্য। ইংরেজরা মূলত ভীত হয়ে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে জেলা সদর স্থাপন করে।

উদ্দেশ্য একইসাথে পশ্চিমের জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, পূর্বের কিশোরগঞ্জ নেত্রকোনা, উত্তরের মেঘালয় প্রভৃতি স্থানের বিদ্রোহ নির্মূল।

এ অঞ্চলের স্থানীয় হিন্দু জমিদারদের সাহায্যে ইংরেজরা তা করতে সফলও হয়েছিল। আজকে যেখানে ময়মনসিংহ শহর, সেখানে মনুষ্যবস্তি তেমন ছিল না।

এস কে হসাপাতাল (জমিদার সূর্য্যকান্তের নামানুসারে) এলাকায় জেলেদের বস্তি ছিল। ধারণা করি, তাদের তাড়িয়ে এখানে জমিদারদের বাড়িঘর গড়ে উঠে।

জমিদাররাই মূলত জেলা সদরের সাথে যোগাযোগ রাখতে এই শহরের আবাদ করে। এই জন্যেই আপনি শহরের যেখানেই যান, জমিদার বাড়ি পাবেনই।

যাই হোক, উচ্ছেদের আর অত্যাচারীদের নগরে, অন্তত যেখানে জেলা সদরের উদ্দেশ্যই ছিল স্বাধীনতার সংগ্রাম পরাস্ত করা, পরাধীনতার শোষণ বজায় রাখা।

সেই বিষয়টার উদযাপন তো ইংরেজের প্রভূত্বের সামনেই সেজদায় নত হওয়া। এটা ইংরেজ পূর্বকালের স্পিরিট ‘নাই’ করে দিয়ে সেই সাম্রাজ্যবাদের দাসানুদাস করে দেওয়ার প্রয়াস।

আর এইভাবে জন্মদিন উদযপানের মাধ্যমে, ইতিহাসে বাঙলার সর্ববৃহত্তম অংশ ‘ময়মনসিংহ অঞ্চল’-এর ঐতিহাসিক যে চরিত্র ও সম্মান তা বিলীন করে দেওয়া হয়।

ময়মনসিংহে দেখলাম ঘটা করে যারা এটার উদযাপন করেছে, তার মধ্যে প্রথম আলো গ্রুপের ‘কিশোর আলো’ ম্যাগাজিনের একটা সংগঠনকে দেখলাম।

মোটামুটি কিশোর-কিশোরী, সদ্য কৈশোর পাড় করা তরুণ-তরুণীরা বেশ অনেকেই জমায়েত হয়েছিল। কেক কেটে, দেয়াল পত্রিকা, আর্ট, গান আরও কতকিছুর মাধ্যমে তারা তা উদযাপন করেছে।

যাকগে, এ তো আর আইনে দোষের নয়। করুক গিয়ে তারা। কিন্তু হ্যাঁ, তবে মঙ্গল এটাই যে, ইংরেজের রাজাকারদের সাথে লীন হয়ে যাবার আগে, নিজেদের বাচ্চাকাচ্চাদের একটু দেখভাল করেন।

বুঝান এই দেশ আর এই জাতির সংস্কৃতি ও ইতিহাস। কেবল পাকিস্তান না আমরা লড়েছি ইংরেজের বিরুদ্ধেও। সেই সংগ্রাম দীর্ঘ কালের। দুই শত বছরের।

সেই সংগ্রামের নাম বাঙলার প্রেক্ষিতে নিলে বিশেষভাবে ইসলামের নাম উঠে আসে। আলেম-উলামা, ফকির-দরবেশদের নাম উঠে আসে।

কেবল সেই নাম উঠে আসার ভয়ে যারা মুসলিম বাঙলার সংগ্রামকে লুকায়, নানান ছলে বলে ঢাকা দেয়, বাঙালি মুসলমান হয়ে আপনি এর বিরুদ্ধে লড়বেন না?

লড়াই জারি রাখুন, কারণ আপনার পূর্ব-পুরুষের পিঠে জুলুমের দগদগে ঘা ছিল, আর বুকে ছিল প্রতিরোধের স্পৃহা।

আগের সংবাদসংকটে দেশ : দায়িত্ব নিতে হবে আলেমসমাজকে
পরবর্তি সংবাদদিনব্যাপী ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিনার প্রতীকে গনসংযোগ