
ফাতেহ ডেস্ক: দেশের অর্থনীতির লাইফ লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সচল থেকেও বর্তমানে অচল। শর্তানুসারে ঠিকাদারদের কাজ না করা, চলাচলের বিকল্প ব্যবস্থা না করে ফেনীর ফতেহপুর উড়াল সেতুর নির্মাণকাজ চলার ফলে দুই সপ্তাহ ধরে এ মহাসড়কে গাড়িজট ভয়াবহ রূপ নিয়েছে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মহাসড়ক বাদ দিয়ে যাত্রীরা বর্তমানে উড়োজাহাজ ও ট্রেনে যাতায়াত করতে চাইলেও টিকিট পাচ্ছে না। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান শুরু হতে পারে আগামী ১৭ মে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে চাপ দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী ১৫ মে ফতেহপুর উড়াল সেতুর কাজ একটা পর্যায়ে আসবে, তখন মহাসড়কের বন্ধ দুই লেন খুলে দেওয়া হবে।
পবিত্র রমজানকে সামনে রেখে পণ্য এবং সাপ্তাহিক ছুটিতে যাত্রী পরিবহন বেড়ে যাওয়ায় মহাসড়কে যাতায়াত করতে গিয়ে নতুন এই বিপর্যয়ে পড়েছে ব্যবসায়ী ও যাত্রীসাধারণ। মহাসড়কের এ বেহালে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার ঢাকা থেকে সকালে রওনা দিয়ে যানজটের কারণে অনেকে বিকেল পর্যন্ত কুমিল্লা পর্যন্ত পৌঁছাতে পারেনি। গত কয়েক দিনের যানজটের জের ধরে পুরো মহাসড়কের স্থানে স্থানে সৃষ্টি হয়েছে এই স্থবিরতা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে গত বুধবার ঢাকার প্রবেশপথে যানজট নিরসন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ফতেহপুরে উড়াল সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া গত ৬ এপ্রিল সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিন ফতেহপুর গেলে মন্ত্রীকে জানানো হয়েছিল, ১৫ মে থেকে বন্ধ থাকা দুই লেন খুলে দেওয়া হবে। গত বুধবারের বৈঠকে অংশ নেওয়া সওজ অধিদপ্তরের এক শীর্ষ প্রকৌশলী গতকাল কালের কণ্ঠকে জানান, ফতেহপুরে উড়াল সেতুর নির্মাণকাজ চলায় দুই সপ্তাহ ধরে মহাসড়কে যানজট প্রকট হয়ে উঠেছে। কারণ মহাসড়কের ওই এলাকায় একাধিক দিক থেকে বেশি গাড়ি যোগ হচ্ছে। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় পার হতে পারছে না। এর মধ্যে বেশি হচ্ছে লরিসহ ভারী গাড়ি।
অবশ্য বিকল্প হিসেবে ফেনীর ট্র্যাংক রোড ব্যবহার করছে ভারী যানবাহনগুলো। কিন্তু ভার বহনে অক্ষম এ জেলা সড়কটিও দেবে গেছে। উদ্যোগ নেওয়ার পরও এ সড়কের ১৩ কিলোমিটার সংস্কার করা যাচ্ছে না বৃষ্টির কারণে। ওই প্রকৌশলী জানান, তিনি সরেজমিনে গিয়ে ফতেহপুর উড়াল সেতুর যে কাজ দেখেছেন, তাতে মনে হয়েছিল ১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাজ দ্রুত করা যাচ্ছে না।
ফেনীতে আটকে পড়া কাভার্ড ভ্যানচালক চঞ্চল গতকাল দুপুরে জানান, আগের রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে গতকাল ভোর ৬টায় চট্টগ্রামের বারইয়ার হাটে পৌঁছান। সেখান থেকে ২০ মিনিটের পথ পাড়ি দিয়ে ফেনী পৌঁছাতে লেগেছে ছয় ঘণ্টা। ফতেহপুর লেভেলক্রসিং পার হতে কত সময় লাগবে, তা তিনি জানেন না।
ফতেহপুর থেকে মিরসরাই অংশে ভয়াবহ যানজটের কারণে অন্যান্য অংশও অচল রয়েছে। মহাসড়কে ২০ মিনিটের পথ চার ঘণ্টায় পার হতে হচ্ছে বলে চালক ও যাত্রীরা জানিয়েছে।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফেনীর আবু আহম্মদ পারিবারিক প্রয়োজনে গত বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকার টিটিপাড়া থেকে স্টার লাইন পরিবহনের একটি বাসে ফেনীর উদ্দেশে রওনা করেন। আট ঘণ্টা পর দুপুর ২টায় ফেনী পৌঁছান। তিনি জানান, তিন ঘণ্টার পথ আট ঘণ্টা লেগেছে ফতেহপুর উড়াল সেতু নির্মাণকাজের কারণে। কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা থেকে ২০ মিনিটের পথ পার হতে সময় লেগেছিল চার ঘণ্টা।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের মহিপাল ও ফতেহপুর এলাকায় গিয়ে দেখা যায় ভয়াবহ যানজট। মহাসড়কে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার থেকে লালপুল প্রায় ১২ কিলোমিটারে প্রতিদিন এই ভয়াবহ যানজটে আটকে পড়ছে রোগী পরিবহনের অ্যাম্বুল্যান্সও।
মহাসড়কের পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে উড়াল সেতুর নির্মাণকাজ এক মাস আগে শেষ হলেও ফতেহপুরে শেষ হয়নি। কারণ কাজ না করেই পালিয়েছেন ঠিকাদার। জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে শিপু বিপিএল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে উড়াল সেতু নির্মাণ শুরু করেছিল। কার্যাদেশ পাওয়ার তিন বছরে ৩০ শতাংশ কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। একপর্যায়ে ঠিকাদার কাজ ফেলে চলে যান। পরে মন্ত্রণালয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করে ওই কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু করে। পরে আল আমিন কনস্ট্রাকশন কাজ শুরু করে। ব্যয় ধরা হয় প্রায় ৬১ কোটি টাকা। গত বছরের মার্চ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হলে কাজে যথেষ্ট অগ্রগতি হয়। তবে নির্মাণকাজের জন্য যানবাহন চলাচলে চার লেন সড়কের দুই লেনই ব্যবহার করা যাচ্ছে না।
বিকল্প সড়ক হিসেবে স্টার লাইন ফিলিং স্টেশন থেকে শহরের ট্রাংক রোড হয়ে কিছু যান চলাচল করত। কিন্তু ওই সড়কেও ভারী যানবাহন চলাচলের কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং কিছু অংশ দেবে গেছে। সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ফেনী মহিপাল মহাসড়ক পুলিশের পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল জানান, প্রতিদিন মহাসড়কের যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের কথা বলতে কেউ রাজি হয়নি। জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, যানবাহন চলাচল ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
