
পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় বইয়ের পাঠক সংখ্যা বেড়েছে সারা দেশের বিভিন্ন লাইব্রেরীগুলোতে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসকে কেন্দ্র করে প্রতিটি মুমিনের অন্তর ছেয়ে যায় এক স্বর্গীয় প্রশান্তিতে। এ মাসে চলে তাই পাপ মোচনের অক্লান্ত প্রচেষ্টা। দিনে রোজা রাখা এবং রাতে তারাবিহের নামাজ পড়ার পাশাপাশি ধর্মীয় বই-পুস্তক পাঠেও সময় দিচ্ছেন প্রায় সব শ্রেণি পেশার মুসলমানেরা।
গতকাল ২৪ রোজায়ও বিভাগীয় শহর ময়মনসিংহ জেলার বড় মসজিদ মার্কেটের ইসলামী লাইব্রেরীগুলো ঘুরে দেখা গেছে পাঠকের বেশ সমাগম। শহরের অন্যতম বড় লাইব্রেরী হক্কানী কুতুবখানার স্বত্বাধিকারী জনাব মুসলেম উদ্দীন জানান প্রতি বছরই রোজা শুরুর কিছুদিন আগে থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আনাগুনা বাড়তে থাকে।এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। এ পর্যন্ত আনুমানিক প্রায় ৬০ হাজার টাকার বই বেশি বিক্রি হয়েছে এই রমজান মাসকে ঘিরে।
কোন ধরণের বই পাঠকগণ বেশি কিনছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশিরভাগ বিক্রি হচ্ছে বিভিন্ন মাসনূন দোয়া ও আমলের বইগুলো। তাছাড়াও নবি ও সাহাবাদের জীবনি কিংবা ইসলামের ইতিহাসের বিখ্যাত ঘটনা নিয়ে লেখা বিভিন্ন বইযও বিক্রি হয়েছে বেশ। তার সাথে লাইব্রেরীতে কথা বলতে বলতে কয়েকজন পাঠকের সাথেও কথা বলা হলো। জানা হলো তাদের বই পাঠক চেতনার কথামালা।
মুক্তাগাছা উপজেলা থেকে হাদিসের বই কিনতে ময়মনসিংহে এসেছেন ভুমি অফিসের কর্মকর্তা জনাব মুশারফ করীম। তিনি জানিয়েছেন এই রমজান মাসে বেশি বেশি ইবাদতে মনযোগ দেবার জন্যই হাদিস অধ্যয়নের ইচ্ছা থেকে এখানে আসা। এর আগেও তিনি তার স্ত্রী ও মা’র জন্য মহানবী (স) এর জীবনি নিয়ে গেছেন। বই কিনার জন্য শুধু রমজান মাসকেই বেছে নেয়া কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছর টুকটাক পড়া হলেও রোজার মাস্টা যেন আরো সুন্দর কাটানো যায় সেই ইচ্ছা থেকেই আসা। তাছাড়া এ মাসে অন্তরে আলাদা একটা প্রশান্তি কাজ করে সেটার তৃপ্তি নিবারণেরও একটা চেষ্টা বলা যায়।
মুশারফ করীমের মতো এমন হাজারো পাঠকই আসছেন প্রতিদিন হৃদয়ের তৃষ্ণা মিটাতে শহরের বিভিন্ন বই বিপনীগুলোতে। পবিত্র এই মাসকে যথাযথ মর্যাদায় পালন ও নিজেদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ এই রমজান মাস যেন হেলায় না কাটে সেই প্রত্যাশা সকল মুমিন হৃদয়ের।
