
আশরাফুল হক:
‘মানুষের পরিবেশ-পারিপার্শ্বিকতা, মানবজীবনের বৈচিত্র ও বিভিন্নতা, প্রতিটি মানুষের ব্যক্তিসত্তা ও ব্যক্তিগত স্বকীয়তা’–এ তিনটি উপাদান একটি জীবনের সফলতা ও বিফলতার মানদণ্ড। আক্ষরিক ও বাস্তবিক মানদণ্ড। স্থায়ী ও অস্থায়ী মানদণ্ড। আবার এ তিনটি উপাদানই শিল্প-সাহিত্যের সৃষ্টি কৃষ্টি ও সমৃদ্ধির মূলতত্ত্ব।
একটি সমাজের যারা ভাবুক ও চিন্তক, যারা সমাজের হিতাকাঙ্খী বা বিনাশপ্রয়াসী, তাদের সকল চিন্তা ও চেষ্টা, তাদের সবধরণের উদ্যোগ ও কৌশল এ তিন তত্ত্বেরই আবর্তে। তেমনই যারা কবি ও সাহিত্যিক, যারা সমাজ নিয়ে ভাবেন এবং সমাজ-ভাবনায় সমাহিত হন, তাদেরও চিন্তার চৌদিক এবং ভাবনার বৃত্ত এ তিন তত্ত্ব ঘিরেই।
একজন সামাজিক ব্যক্তির কথা ধরুন অথবা একজন মানবিক গুণসম্পন্নের কথা বলুন, একজন সেবানুরাগী বা মনুষ্যত্বের চেতনাধারীকেই না হয় উদাহরণ হিসেবে নিন, দেখবেন–তার সকল সামাজিকতা ও মানবিকতার, তার সকল চিন্তাধারা ও বুদ্ধিবৃত্তির মূলপর্ব থাকে সমাজ সংস্কার। আর সমাজ সংস্কারে যা কিছু রাখতে পারে স্বার্থক স্বাক্ষর, তা-ই হয়ে ওঠে সুসাহিত্য।
সাহিত্যচর্চা লেখালেখির একটি পর্ব। লেখালেখির এ পর্বটিই মূল। চূড়ান্ত। কোথায় যেন পড়েছিলাম স্যার সমারসেটের একটি কথা–একজন কবি-সাহিত্যিক যখন যাবেন, একজন লেখক-গদ্যকার-প্রবন্ধকার তাকে পথ ছেড়ে দিয়ে একপাশে দাঁড়াবেন।
হ্যাঁ, এমনই। কেউ একজন লেখক হলেই সাহিত্যিক হয়ে ওঠে না। একজন মানোত্তীর্ণ লেখকের প্রতিটি বাক্য নতুন নতুন বক্তব্য ধারন করে, ব্যাস। কিন্তু একজন সাহিত্যিক! একজন সাহিত্যিকের নতুন বক্তব্যগুলো বহুমুখি তাৎপর্য বহন করে থাকে। অথবা সাংবাদিকতার কথা ধরুন। সাহস করে বলতে গেলে সাংবাদিকতা হলো একধরনের ব্যবসা। সংবাদপ্রচার হলো ব্যবসার এমন এক পণ্য, যা পৃথিবীতে সর্বাধিক দ্রুত পচনশীল। কিন্তু সাহিত্য কখনো ব্যবসা নয়। সাহিত্যকে ব্যবসা বানানো যায় না। কেউ চেষ্টা করেও পারে না। বিফল হয়। মরে যায়। কারণ সাহিত্য হলো এক জ্ঞানিক বিষয়, যা কখনোই পচনশীল নয়।
সাহিত্য হলো জ্ঞানের খেলা। সাহিত্য হলো সাধনার ফল। সমাজ সংস্কারে জ্ঞানবুদ্ধি ও সাধনা-মনোনিবেশ উভয়টির প্রয়োজন। তাই একজন সাহিত্যিক তার কলমে কলমে, কাগজে কাগজে অজান্তেই হয়ে ওঠেন একজন সমাজ-সংস্কারক।
সামাজিক অবদান রাখার জন্য একজন মানুষের সবার আগে প্রয়োজন পড়ে ক্রিয়েটিভিটির। এই ক্রিয়েটিভিটি বিষয়টি মানুষের ভিতর তৈরি হয় পরিবেশ থেকে। ক্রিয়েটিভিটি বিষয়টি মানুষের ভিতর সুশোভিত হয়ে ওঠে স্বভাব-রুচি অনুযায়ী। এ ক্রিয়েটিভিটি বিষয়টিরই প্রয়োজন হয় শিল্প-সাহিত্যে। হুমায়ুন আহমদ তিন মাসের জন্য লেখালেখির একটি স্কুলে ক্লাস করেছিলেন, আমেরিকার আইওয়া স্টেট ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং ফ্যাকাল্টিতে। একই স্কুলে তার আগে ক্লাস করেছিলেন পশ্চিমবঙ্গের আরেক ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। হুমায়ুন আহমদ পরে বলেছিলেন–সুনীল গঙ্গোপাধ্যায় সেই স্কুল থেকে কিছু শিখতে পেরেছিলেন কিনা আমি জানি না, আমি কিছুই শিখতে পারিনি।
হ্যাঁ, স্কুল-কলেজ নয়, স্বভাব ও পরিবেশ থেকে মানুষের ভিতর যে ক্রিয়েটিভিটির তৈরি হয়, সমাজ সংস্কারের কাজে সেটিরই প্রয়োজন বেশি, এবং শিল্প-সাহিত্যেও।
বলপয়েন্টের আরেকটি বক্তব্য আরো চমৎকার–‘ঔপন্যাসিক হওয়ার আগ্রহ নিয়ে অনেকেই আসে আমার কাছে। গভীর আগ্রহে জানতে চায় লেখালেখির নিয়মকানুন। আমি তাদের তেমন কিছুই বলতে পারি না। ক্রিয়েটিভিটি শেখানোর কলাকৌশল এখনো মানুষের আয়ত্তে আসেনি। আমার ধারনা ক্রিয়েটিভিটি শেখানো যায় না। যদি শেখানো যেতো, তাহলে রবীন্দ্রনাথের পর বাংলা ভাষার সবচেয়ে বড় লেখকের নাম হতো রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ছেলে। বাবার কাছ থেকে লেখালেখির সব কৌশল শিখে নেওয়ার সুযোগ তারই সবচে বেশি ছিলো।’
সাহিত্যের জন্য অনিবার্য এই ক্রিয়েটিভিটি বিষয়টিই আশ্চর্যজনকভাবে প্রয়োজন পড়ে সামাজিক কাজ ও অবদান রাখার জন্য। কারণ যে সামাজিক অবদান স্কুল-কলেজে শেখানো হয়, তাতে স্বভাব পরিবেশের ক্রিয়েটিভিটি না থাকলে স্কুল-কলেজের শিক্ষাটি জীবনের কোনখানে প্রতিভাত হয় না। যদি হতো, তাহলে আমাদের বহমান বা চলমান সমাজ-জীবন অবক্ষয়মান হতো না। আমাদের সমাজ-জীবন আরো সুন্দর দৃশ্যের হতো।
সামাজিক অবদানের জন্য আরো প্রয়োজন পড়ে মনোলোকের। মনোগত অবলোকনের। প্রয়োজন পড়ে মাটিবর্তিতার। এই মনোলোক বা মনোগত অবলোকন এবং মাটিবর্তিতাকে শিল্প-সাহিত্যের জন্য অনিবার্য দেখিয়েছেন সৈয়দ শামসুল হক। তিনি তলস্তয়কে উদাহরণে টেনে দেখিয়েছেন, মনোলোকের শক্তিতেই তলস্তয় বড় বড় উপন্যাস লিখেছেন একজন মানুষের চরিত্র ব্যাখ্যা করতে করতে!
সাহিত্য হলো একটি সমাজের নীরব আলোড়ক, প্রচ্ছন্ন জাগরুক। একটি সমাজের ভবিষ্যৎমুখী সুপরিকল্পিত পরিবর্তন সাধক। সাহিত্য আজ যা বলে যায়, আসু-ভবিষ্যতে তারই প্রতিফলন ও বাস্তবায়ন ঘটে। এখানেই বলতে হয়, কোন সহিংসতা ও রক্তক্ষয় ছাড়াই একটি সমাজে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় সাহিত্যের মাধ্যমে, এর চেয়ে স্বার্থক পরিবর্তন এবং স্মরণ্য সংস্করণ আর কী হতে পারে!
