অধিক মুনাফার লোভ দেখিয়ে ৫ কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও

ফাতেহ ডেস্ক

অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে নওগাঁয় একটি সমবায় সমিতির কর্মকর্তারা সদস্যদের পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সমিতির নাম সৃজনী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এই বিষয়ে সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে গত ২৭ মে নুরুজ্জামান চৌধুরী নামের এক সদস্য নওগাঁ সদর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০ সাল থেকে ক্ষুদ্র পরিসরে ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ কার্যক্রম শুরু করেন নওগাঁ পৌরসভার খলিশাকুড়ি এলাকার বাসিন্দা আবদুর রশিদ ও তাঁর ছোট ভাই রাশেদুল ইসলাম। ২০১২ সালে সদর উপজেলা সমবায় কার্যালয় থেকে সৃজনী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে সমিতিটির নিবন্ধন নেন আবদুর রশিদ। সমবায় সমিতিটির পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক তাঁর ছোট ভাই রাশেদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা দেলওয়ার হোসেন। এরপর সমিতির কার্যক্রম শুরু করেন আবদুর রশিদ।

মামলার এজাহার ও ভুক্তভোগী কয়েকজন সদস্যের অভিযোগ সূত্রে জানা গেছে, নিবন্ধন নেওয়ার আগে থেকেই সমিতির কর্মকর্তারা অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। তাঁরা সদস্যের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক আমানত, স্থায়ী বিনিয়োগ, স্থায়ী আমানত ও ডিপিএসের নামে টাকা জমা রাখতে শুরু করেন। টাকা জমা নিয়ে সদস্যদের প্রতি মাসে মুনাফা দিতে থাকেন তাঁরা। ধীরে ধীরে সমিতির সদস্যসংখ্যা ও এর আমানতের পরিমাণ বাড়তে থাকে। নওগাঁ পৌরসভার খলিশাকুড়িতে প্রধান কার্যালয়সহ এই সমিতির তিনটি কার্যালয় রয়েছে। বাকি কার্যালয় দুটি বদলগাছি উপজেলার গোপরচাঁপাহাট ও মান্দা উপজেলার চৌবাড়িয়াহাটে। মাঠকর্মীদের মাধ্যমে সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করত প্রতিষ্ঠানটি। তিনটি কার্যালয়ে তিন শতাধিক সদস্যের প্রায় পাঁচ কোটি টাকা সংগ্রহ করা হয়। গত ২৫ মে থেকে প্রতিষ্ঠানটির সব কার্যালয়ে তালা দিয়ে উধাও হয়ে যান কর্মকর্তারা। তাঁদের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

আগের সংবাদবরগুনায় তালাকপ্রাপ্ত স্বামীর দেয়া আগুনে স্ত্রী দগ্ধ, নিহত ১০ বছরের শিশু সন্তান
পরবর্তি সংবাদ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে আজ