আজ থেকে ৮ বছর আগে বাংলাদেশের মানুষ তখন ইন্টারনেটের সাথে মাত্র কিছুটা পরিচিত হওয়া শুরু করেছেন। অনলাইনে কেনাকাটা বিষয়টা জনপ্রিয় তো ছিলই না বরং অনেকের জন্য ছিল অবাক করা কিংবা অবাস্তব একটা ব্যাপার। সেসময় অন্যরকম গ্রুপের কর্ণধার মাহমুদুল হাসান সোহাগ প্রতিষ্ঠা করলেন রকমারি ডট কম।
সেই সময়ের প্রেক্ষিতে ব্যাপারটা এতটাই অদ্ভুত ছিলো যে, তার সাথে মানুষের মানিয়ে নিতে বেশ সময় লেগেছে। “ইন্টারনেট থেকে বই কিনবো, ঠিকমত ডেলিভারি দেবে তো?”, ‘বাজে কোয়ালিটির বই গছিয়ে দেবে না তো?’, নানারকম সংশয় ছিলো মানুষের মধ্যে। সংশয় এবং কৌতূহলের মিশ্রিত অনুভূতি নিয়ে কিছু মানুষ কেনা শুরু করলেন বই। তার পরের গল্পটা সুন্দর। রকমারি নিজেদের প্রচারণা যতটা করেছে, মানুষ তার চেয়ে বেশি করে দিয়েছে। বইপড়ুয়া মানুষরা নিজেদের মধ্যে আলাপে রকমারির প্রসঙ্গ তুলবে না, এমন ঘটনা কমই ঘটেছে!
এখন রকমারির বয়স ৮ বছর ! এই সময়ের মধ্যে পৃথিবীতে অনেক বদল হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানই হারিয়ে ফেলেছে জৌলুস, অনেকেই তাদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে, কাগজের বইয়ের বদলে অনেকেই ই-বুক, পিডিএফ পড়ছেন, এর মধ্যেও রকমারি নিজেদের জানান দিয়ে যাচ্ছে প্রবলভাবে।
আট বছর আগের এই দিনে, এই ১৯শে জানুয়ারি রকমারি যখন যাত্রা শুরু করেছিলো, তখন বাংলাদেশে কোনও ই-কমার্স প্রতিষ্ঠান ছিলো না। আর আজ জীবনধারণের জন্যে প্রয়োজনীয় সবকিছুই অনলাইনে কিনতে পাওয়া যায়। সেই দিক থেকে রকমারিকে বাংলাদেশের ই-কমার্স আন্দোলনের অগ্রদূত বলাটা বাতুলতা হবে না মোটেও!
১০০টি বই নিয়ে শুরু করা অনলাইন বুকশপটিতে আজ এন্ট্রি করা আছে ২ লক্ষাধিক বই! প্রতিদিন প্রায় ৪০০০ থেকে ৫০০০ পার্সেল পৌঁছে যাচ্ছে মানুষের কাছে।
দিনে দিনে যে এই সংখ্যাটা বেড়েই চলবে এ ব্যাপারে সন্দেহ নেই!
