অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের ৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের ৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৮২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সীমান্তে পড়েছে তিনটি জেলা। তা হলো পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণা। খবর অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়েছে, সীমান্তের ওই তিনটি জেলায় ৮২ কিলোমিটার এলাকাকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দা শাখা অনুপ্রবেশ-প্রবণ এলাকা হিসেবে সনাক্ত করেছে। উত্তর ২৪ পরগণা জেলায় জমি অধিগ্রহণের জন্য এরই মধ্যে ৮৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জেলার সঙ্গে বাংলাদেশের রয়েছে প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত।

ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবনা এরই মধ্যে গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ। বরাদ্দের প্রথম দফার অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে উত্তর ২৪ পরগণা জিলা পরিষদে। তবে জমি অধিগ্রহণে রাজ্য সরকারের নীতি অনুসরণ করা হবে। জমির মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে তা হস্তান্তর করা হবে বিএসএফের কাছে। কাজ সম্পন্ন করবে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছে তখন এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আগের সংবাদআল্লামা আশরাফ আলীকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদসাহিত্যে নোবেল পাচ্ছেন মুসলিম-গণহত্যার সমর্থক পিটার, সমালোচনার ঝড়!