
ফাতেহ ডেস্ক
মাদক, দুর্নীতি, নারী নির্যাতনসহ দলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের তালিকা করছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কাউন্সিলের আগে এসব অপকর্মকারীদের বহিস্কার করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এছাড়া জাতীয় কাউন্সিলের আগে বিতর্কিত কেউ যেন আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতৃত্বে আসতে না পারে সে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষের পাশাপাশি আলোচনায় আসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের নাম। এঘটনায় দলের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ।
ঘটনার পর পরই দলের কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নেয়া হয়, সারাদেশে মাদক, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন বা পাচার, জঙ্গী ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতদের দল থেকে বহি:স্কার করা হবে। পাশাপাশি বিএনপি-জামাত থেকে দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কিছু সুবিধাবাদী ও মতলববাজ মানুষ আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে সন্দেহ নেই। এবং এটা আমাদের নেতাদের ঘাড়ে ভর করেই হয়েছে। আমরা এসব আগাছাগুলোকে সংগঠনের ভিতরে জায়গা দেবো না।
এজন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে আট সাংঠনিক বিভাগ সফরের জন্য গঠিত টিমগুলো এসব অপকর্মকারীদের তালিকা প্রস্তুত করবে। যা সমন্বয় করবে দলের সাংগঠনিক সম্পাদকরা।
সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যারা অপকর্মকারী তাদের তাৎক্ষনিকভাবে বহিস্কার করার পরিকল্পনা নেয়া হচ্ছে। তার জন্যই আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা কঠোর অবস্থানে যাবো। জিরো টলারেন্স শুধু প্রশাসনেই থাকবে না, সংগঠনেও থাকবে। এটাই শেখ হাসিনার বার্তা।
দলের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা দিয়ে অপকর্মে জড়িতদের তালিকা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, বছরের শেষ দিকে দলের জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল কাউন্সিলে যাতে এদের জায়গা না হয় সে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যদি কোন ব্যক্তি আওয়ামী লীগের নাম ব্যবহার করে কোন অসাধু কাজ করে বা পৃষ্ঠপোষকতা করে তিনি ছাড় পাবেন না। সে যেই হোক। আমরা চেষ্টা করবো যেন সমাজে সামান্য পরিমান বিতর্কিত এমন কেউ আওয়ামী লীগের কোন নেতৃত্বে আসতে না পারে।
দলের নীতিনির্ধারকরা জানান, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে স্বচ্ছ ইমেজের আওয়ামী লীগ গড়তে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
