অবরুদ্ধ কাশ্মীরের ছবি তুলে পুলিৎজার জিতলেন তিন কাশ্মীরি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:

স্তব্ধ ভূস্বর্গ কাশ্মীরের ছবি দুনিয়ার সামনে তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার জিতলেন জম্মু-কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং ছান্নি আনন্দ। তারা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এ কর্মরত।

সোমবার নিজের বাড়ি থেকে ইউটিউব লাইভস্ট্রিমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন পুলিৎজার বোর্ডের প্রধান ডানা ক্যানেডি। খবর আনন্দবাজার পত্রিকা।

এক টুইট বার্তায় তাদেরকে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী লিখেছেন, ‘জম্মু-কাশ্মীরের জনজীবনের প্রকৃত ছবি তুলে পুলিৎজার পুরস্কার পাওয়ার জন্য দার ইয়াসিন, মুখতার খান এবং ছান্নি আনন্দকে অভিনন্দন।’

পুলিৎজার জয়ে খুবই আপ্লুত শ্রীনগরের বাসিন্দা মুখতার খান। তিনি বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ও আমার সহকর্মীরা এই পুরস্কারের জন্য নির্বাচিত হব আশা করিনি।’ আর এক পুলিৎজার জয়ী ইয়াসিন বলেছেন, ‘এতো বড় সম্মান পাব, ভাবিনি।’ জম্মুর বাসিন্দা ছান্নি অবশ্য হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, ‘যারা পাশে থাকার জন্য এই পুরস্কার জয়, তাদের সকলকে ধন্যবাদ।’

উল্লেখ্য, গত অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে উপত্যকায় কার্ফু, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায়, সেখানকার দমবন্ধ করা পরিস্থিতি তুলে ধরা ছিল খুবই কঠিন। কিন্তু ভূস্বর্গে কী হচ্ছে তা বিশ্বকে জানাতে হাল ছাড়েননি ওই তিন ভূমিপুত্র। কাশ্মীরিদের দৈনন্দিন জীবন, নিরাপত্তা বাহিনীর নজরদারি ধরা পড়েছে তাদের ক্যামেরার লেন্সে। দিনের শেষে ইয়াসিনেরা ছুটেছেন বিমানবন্দরে। সেখানে কাশ্মীরি যাত্রীদের বুঝিয়ে ফটো ফাইলগুলো পাঠিয়েছেন নয়াদিল্লিতে তাদের দফতরে।

আগের সংবাদকরোনার বড় ঝুঁকিতে সিরিয়া : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদঢাকা অবরোধ : ক্ষোভ ও সুখস্মৃতির সাত বছর