আন্তর্জাতিক ডেস্ক :
ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেলআবিবে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার রাতে তেলআবিবের রাস্তায় নেমে তাঁর পদত্যাগ দাবি করে হাজার-হাজার ইহুদি। ইসরাইলি গণমাধ্যম হারেতজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ খবর।
বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরাইলের ভাবমূর্তি, এমন অভিযোগও তাদের।
তিনটি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরাইলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।
তবে অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে।
এদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু।
