আন্তর্জাতিক ডেস্ক :
নরওয়ের বিভিন্ন শহরে অমুসলিমদের মধ্যে স্থানীয় ভাষায় অনূদিত ১০ হাজার কোরআনের কপি বিতরণের উদ্যোগ নিয়েছে দেশটির মুসলিমরা।
দ্য নরওয়েজিয়ান মুসলিম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজুল কোরআন মস্ক ইন অসলো যৌথভাবে এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে। খবর স্পুটনিক নিউজ।
মিনহাজুল কোরআন মসজিদের বোর্ড-মেম্বার হামজা আনসারি বলেন, ‘আমি বিশ্বাস করি, বহু মানুষ কোরআন ও মুসলিম ধর্মবিশ্বাসের ব্যাপারে আগ্রহী। এই প্রকল্প কোরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে। কেননা কোরআনে শিক্ষা হলো, মানুষকে ভালোবাসো এবং জ্ঞানের কথা বলো।’
উল্লেখ্য, সম্প্রতি নরওয়ের ইসলামবিদ্বেষী ‘দ্য অর্গানাইজেশন স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএএন)-এর এক সভায় কোরআনে অগ্নিসংযোগের চেষ্টা হয়। এই ঘটনার পর নরওয়ের মুসলিমরা ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভাঙতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কোরআন বিতরণের আগে তারা মানুষের মধ্যে ফুল বিতরণ করে এবং পার্কে কোরআন তিলাওয়াত বাজায়। নরওয়ের অনেক অমুসলিমকে এসব উদ্যোগে অংশগ্রহণ করতে দেখা যায়।
