অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো সাথে যুদ্ধ নয়, তবে কেউ আক্রমণ করলে তার জবাব দেওয়ার সক্ষমতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর।

আজ (বৃহস্পতিবার) নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারের তাগিদও দেন শেখ হাসিনা।

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে দেশের জলসীমা সুরক্ষিত রাখতে বাহিনীর নৌবহরে যুক্ত হয়েছে নতুন পাঁচটি যুদ্ধজাহাজ। এগুলো হল- বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ, প্রত্যাশা, বানৌজা দর্শক এবং তল্লাশী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বানৌজা ঈসাখান নৌ জেটিতে জাহাজগুলোর কমিশনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল জাহাজগুলোর অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। এরপর উন্মোচন করা হয় জাহাজের নামফলক।

দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নৌ-বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

বহিঃশক্তির হাত থেকে দেশকে সুরক্ষিত রাখতে নৌবাহিনীর সদস্যদের দক্ষ হয়ে গড়ে ওঠার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। করোনা অতিমারিতেও দেশের অর্থনীতি গতিশীল আছে জানিয়ে দেশবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের সংবাদআদালতে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ, সুপ্রিম কোর্টের প্রজ্ঞাপন
পরবর্তি সংবাদবিদেশ ফেরত ২১৯ জনকে মামলা থেকে অব্যাহতি