অসুস্থ ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ফাতেহ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলের প্রো-ভিসি অধ্যাপক শহীদুল্লাহ সিকদার ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান এ কথা জানান।

দুপুর বেলা ২টার দিকে ব্রিফিংয়ে আসেন এই দুই কর্মকর্তা। ব্রিফিংয়ে জানানো হয়, ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন। তার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সৈয়দ আলী আহসান বলেন, ‘উনার যে রক্তনালীটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল, আমরা শুধু সেটাই ঠিক করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। কারণ তিনটি নালী প্রয়োজন হয়, রক্ত সরবরাহের জন্য। কিন্তু এই মুহূর্তে সেগুলো সারানো যাবে না। সেগুলো ঠিক করতে গেলে আরো বিপদ ঘটবে।’

তিনি বলেন, ‘ওই নালীটা ঠিক করার পর উনার পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। কিন্তু একটু পরই আবার অবস্থার অবনতি হয়, এই অবস্থাই এখন চলছে। আমরা চেষ্টা করছি। ২৪-৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না।’

সৈয়দ আলী আহসান বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে, তার যেরকম চিকিৎসা চলছে সেটা সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়া। তার আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল, যেহেতু উনি ভেন্টিলেটরে আছেন, উনার জীবন শঙ্কায় আছে বলতে পারেন। এই মুহূর্তে উনাকে সিঙ্গাপুরে পাঠানো যাবে কিনা যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো- না। উনাকে সিঙ্গাপুরে পাঠানো যাবে না।’

আগের সংবাদকাশ্মীরে জামায়াত নিষিদ্ধ, বিপর্যয়ের মুখে কাশ্মীরি শিক্ষাব্যবস্থা
পরবর্তি সংবাদহুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর