
ফাতেহ ডেস্ক :
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হলেন। নির্বাচন কমিশন চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, মশিউর রহমান ও সাইদুর রহমান খান তাদের নাম ঘোষণা করেন।
নতুন নেতা নির্বাচনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর মতিন খসরু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পিযুয কান্তি রায়। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। এই প্রস্তাব সমর্থন করেন আবদুর রহমান। দুই জনই বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে আছেন। একই সঙ্গে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।
