আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থার উন্নতি

ফাতেহ ডেস্ক

হাসপাতালে ভর্তি কভিড-১৯-এ আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, দেশে যে তিন ব্যক্তি কভিডে আক্রান্ত হয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। তারা একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা ভালো একটি পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। ২৪ ঘণ্টা পর পরবর্তী পরীক্ষার ফলও নেগেটিভ আসলে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেনও জানান আইইডিসিআরের পরিচালক।

তিনি বলেন, ‌গত ২৪ ঘণ্টায় আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে বিদেশ থেকে যারা ফিরছেন তাদের হোম কোয়ারানটাইনে থাকার পরামর্শ দেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো বলেন, বর্তমানে ওই তিনজন চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন হাসপাতালে ৮ জন আইসোলেশনে রাখা হয়েছে।

পরে বিমানবন্দরের থার্মাল স্ক্যানার প্রসঙ্গে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন ৫ টি স্ক্যানার শিগগিরই বসানো হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, আবারো বলছি- বিদেশে থেকে যারা এসেছেন তারা বাড়িতে থাকেন। অথবা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের সর্দি-জ্বর ও কাশি আছে তারা ১৪ দিন বাড়িতে থাকেন। প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীকে সহযোগিতা করুন।

উল্লেখ্য প্রথমবারের মতো বাংলাদেশে কভিড শনাক্ত হয়েছে। রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, ধরা পড়া করোনা রোগী দুজন ইতালি ফেরত। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কভিড নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

-এ

আগের সংবাদ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন
পরবর্তি সংবাদকরোনা হটলাইনে এ পর্যন্ত ১০ হাজার কল