আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ নদীর তীরে মানুষের ঢল

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ নদীর তীরে মানুষের ঢল

ফাতেহ ডেস্ক :

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পূর্বে হেদায়াতি বয়ান চলছে। ইতোমধ্যে লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। ইজতেমার তিন দিনের জামাতের বাইরে আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসছেন ইজতেমা ময়দানের দিকে।

ফলে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া শাখা রোডগুলো থেকেও কোনো যানবাহন সড়কে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

রোববার (১২জানুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা। বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার সমাপ্তি ঘটবে।

আগের সংবাদআজাদ কাশ্মীর দখল করতেও ‘প্রস্তুত’ ভারতীয় সেনাবাহিনী, জানালেন ভারতের সেনাপ্রধান
পরবর্তি সংবাদলিবিয়ায় তুরস্ক ও রাশিয়ার শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হাফতার বাহিনী