আগস্টেই ৫১টি ফিলিস্তিনি স্থাপনা ভেঙেছে ইজরায়েল

ফাতেহ ডেস্ক:

শুধু আগস্ট মাসেই জেরুজালেম শহরে অবস্থিত ফিলিস্তিনি নাগরিকদের মালিকানাধীন ৫১টি অবকাঠামো ভেঙে দিয়েছে ইজরায়েলি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে জেরুজালেমে ফিলিস্তিনের বিরুদ্ধে ইজরায়েলের অত্যাচারের ঘটনাবলীর পর্যবেক্ষণকারী ওয়াদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার।

তারা জানায়, ৫১টি স্থাপনার মধ্যে ২৭টি ধ্বংস করেছে ভবনগুলোর মালিকরা। জেরুজালেম পৌরসভার চাপে পড়ে তারা এ কাজ করতে বাধ্য হয়েছে। বাকিগুলো ধ্বংস করেছে পৌরসভা কর্তৃপক্ষ নিজেই। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর অধিকাংশই সিলওয়ান ও জেবেল আল-মুকাব এলাকায়।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি এবং স্থাপনার বিরুদ্ধে বিভিন্ন ধ্বংসের নীতি গ্রহণ করেছে ইসরায়েল। এক্ষেত্রে তারা অভিযোগ করছে, অনুমতি ছাড়া অবৈধভাবে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। এর পাশাপাশি অঞ্চলগুলোতে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে তারা।

২০১৮ সালের শেষ দিকে ফিলিস্তিনের অর্থনীতির বিষয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (ইউএনসিটিএডিডি)। সেখানে বলা হয়, পশ্চিম তীরে ১৫০টি জনবসতি এবং ১২৮টি বসতি ফাঁড়ি ছিল। উভয়ই আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ।

ইউএনসিটিএডিডির সেক্রেটারি জেনারেল মুখিসা কিটিয়ির উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে পশ্চিম তীরে ফিলিস্তিনের ৬২২টি স্থাপনা ভেঙে ফেলেছে ইসরায়েল। যার মধ্যে মানবিক সহায়তার জন্য মনোনীত ১২৭টি ভবনও রয়েছে।

২০১৯ এর শেষ এবং ২০২০ সালের প্রথমদিকে ইজরায়েলি বাহিনী সেখানে বসতি স্থাপনের জন্য গতি ত্বরান্বিত করেছিল। যদিও তারা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ, যোগ করেন মুখিসা কিটিয়ি।

আগের সংবাদএবার ইজরাইলকে স্বীকৃতি বাহরাইনের
পরবর্তি সংবাদআগস্ট পর্যন্ত সীমান্তে ৩৩ বাংলাদেশি নিহত: বিজিবি