আগামী অর্থবছর থেকে ভ্যাট আইন চালু

ফাতেহ ডেস্ক

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ১৮ শতাংশ ব্যয় বাড়িয়ে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট উপস্থাপন করেন। তবে তার অসুস্থতার কারণে বক্তৃতার শেষ অংশ পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি। আগামী অর্থবছর থেকে ভ্যাট আইন চালু হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ার অঙ্গীকারও রয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নতুন অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি।

বিদায়ী অর্থবছরের চেয়ে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বেশি নতুন বাজেটের আকার। এটি বাস্তবায়ন করতে পারলে মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশের মধ্যে আটকে রেখেই ৮দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে আশা করছেন অর্থমন্ত্রী।

নতুন অর্থবছরের শুরুতেই কার্যকর হচ্ছে বহুল আলোচিত নতুন ভ্যাট আইন। রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে পৌনে চার লাখ কোটি টাকা। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে সোয়া ৩ লাখ কোটি টাকা। আয় বাড়াতে করের পরিধি বাড়াবেন অর্থমন্ত্রী। পেশাজীবী-ব্যবসায়ীসহ সব মহলের দাবির পরেও আসছে বাজেটে ব্যক্তি আয়ের করমুক্ত সীমা অপরিবর্তিত আড়াই লাখ টাকা রাখা হয়েছে।

নতুন বাজেটে ঘাটতি ধরা হয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। যা মেটাতে নির্ভরতা বাড়ছে দেশীয় উৎসের ওপর। তবে কমানো হয়েছে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য।

বজেটে উন্নয়ন খরচ দুই লাখ কোটি টাকার উপরে। বাকিটা যাবে সুদ পরিশোধ, বেতন-ভাতা, ভর্তুকি, প্রণোদনাসহ অনুন্নয়ন খাতে। বরাদ্দ বাড়ানো হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে।

আগামী অর্থবছরের বাজেটে বেকার ও প্রবাসিদের জন্য নতুন প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে। স্টার্টআপ ফান্ড’ নামে ১০০ কোটি টাকা তহবিল করা হবে বেকারদের জন্য। শিক্ষিত বেকার ব্যবসা করতে চাইলে মূলধনের যোগান দেবে সরকার। প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা আর কৃষকের লোকসান কমাতে প্রাথমিকভাবে শস্য বিমা চালুর কথাও বলা হয়েছে।

আগের সংবাদবাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের
পরবর্তি সংবাদদাম বাড়বে স্মার্টফোনের