মঙ্গলবার থেকে শুরু দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ২২ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হবে উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ ক্ষমতাধর মজলিসে শুরার তিন দিনব্যাপী বৈঠক।

একটি নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে, সাধারণত দুই দিনব্যাপী হওয়া মজলিসে শুরার বৈঠক এবারই প্রথম তিনদিন ব্যাপী হবে। বৈঠকে দারুল উলুম দেওবন্দের প্রশাসনিক, তালিম এবং তামিরের (নির্মাণ) সংক্রান্ত আলোচনা ছাড়াও বাবরি মসজিদের রায় নিয়ে দারুল উলুম কি ভূমিকা রাখবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

তাছাড়া এবারের শুরা মজলিসে বাৎসরিক বাজেট সম্পর্কে আলোচনা হবে এবং পূর্বের বাজেটের চেয়ে এবারের বাজেটে এক কোটি রুপি বৃদ্ধি করা হবে এবং বাজেট অনুযায়ী সমস্ত আসাতেজা, মুলাজিম এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।

দারুল উলুমের দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানির নেতৃত্বে এবারের বাজেট আলোচনা প্রক্রিয়াধীন। তবে বেতন-ভাতার যাবতীয় সিদ্ধান্ত শুরার সদস্যগণ নিবেন। এ বিষয়ে মুফতি নোমানি বলেন, ‘মজলিসে শুরার মিটিংয়ের পুর্বে এবিষয়ে কিছুই বলা যাচ্ছে না’।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবৎ দারুল উলুম দেওবন্দের বাৎসরিক বাজেট ছিলো ৩৫ কোটি রুপি। যার পরিমাণ বেড়ে এবছর ৩৬ কোটি রুপি হবে বলে জানা গেছে।

আগের সংবাদজুমার নামাজে আফগানিস্তান মসজিদে হামলা, নিহত অন্তত ৬২
পরবর্তি সংবাদ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতের ব্যাপারে মোদির হুঁশিয়ারির জবাব দিল পাকিস্তান