
ইবরাহীম জামিল:
গত একদিন একরাত মহিত শেখের পেটে কোন দানাপানি পড়েনি। চোখের পাতা এক হয়নি একটি বারের জন্যও। এখন চোখ খুব জ্বালা করছে। গতকাল সারা বিকেল সে রুমা বাজারে দাঁড়িয়ে ছিলো। ইংরেজ সাহেবের দেখা পায়নি। ইংরেজ সাহেবকে চেনে অনেকেই, কিন্তু কোথায় থাকে কেউ বলতে পারে না। সন্ধ্যা শেষে রাত নেমে এলেও মহিত শেখ নিজের জায়গা থেকে নড়লো না। এক পৃথিবী অনিশ্চয়তা নিয়ে উদাস দাঁড়িয়ে রইলো।
বাজারের শেষ মাথার মুদি দোকানিটা আজকের মতো কুপিতে ফুঁক দিয়ে হেকে উঠলো, মহিত মিয়া! দাঁড়িয়ে থেকে লাভ হবে না। ওসব সায়েব টায়েব থাকে লামার দিকে। কালকে সকালে একবার না হয় গিয়ে এসো। আজকের রাতটা আমার দোকানে থেকে যাও।
মহিত শেখ থাকলো না। ওই রাতে হাঁটা ধরলো লামার দিকে। শঙ্খ নদীর পাড় ঘেঁষে। রাত্রির নিঃস্তব্ধতাকে আছড়ে-পাছড়ে ভেঙ্গে বিপুল বেগে বয়ে চলেছে শঙ্খ নদী। মহিত যাচ্ছে স্রোতের উল্টো দিকে। একপাশে নদীর স্রোত আরেকপাশে পাহাড়শ্রেণি, যেন নদীকে পাহারা দিতে গিয়ে পাহাড়গুলো সারবেঁধে দাঁড়িয়ে গেছে। দুয়েকটা খরগোশ পাহাড়ি ঝোঁপের আড়াল থেকে কৌতূহলী চোখে মহিতের দিকে তাকিয়ে থাকলো—না, এই দোপায়া প্রাণীটাকে রাতের বেলা কখনো এ বনে দেখা যায়নি। দুয়েকটা সাপ মহিতকে দেখে হুস করে পাহাড়ী বনে ঢুকে গেলো। বনশিয়ালের চিৎকার শোনা গেলো সেই শেষ রাত অবধি। কয়েকটা বন্য গয়াল পথ হারিয়ে, কি কারো সন্ধানে নদীর পাড়ে দাঁড়িয়ে রইলো। আর একটা চাঁদ মহিতের সাথে সারা পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে লামার আকাশে থামলো।
মহিতের চোখ জ্বালা করছে। লামায় পৌঁছে মহিত শেখ রাস্তার উপর বসে পড়েছিলো। ক্লান্তি আর অবসাদে তার শরীর ভেঙ্গে আসছে। মাথার ভিতর হাজারটা ফানুস জ্বলছে আর নিভছে। মহিত শেখ হড়হড় করে একদলা রক্তবমি করে ফেললো রাস্তার উপর। সেই রক্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে সকাল হলো। ক্ষিদের জ্বালা বড় কঠিন জ্বালা। সবকিছুকে পোষ মানানো যায়, পাহাড়ি গয়ালকেও। কিন্তু ক্ষুধাকে পোষ মানানো যায় না। এটা বিষ ফোঁড়ার মতো সারাক্ষণ নিজের অস্তিত্ব জানান দিতে থাকে। শঙ্কুর গাঁট থেকে যে টাকা নিয়েছিলো মহিতকে তা ফেরৎ দিতে হয়েছে। কয়েকটা আধুলি ছাড়া তার কাছে আর কিছু নেই। সেই আধুলি ভেঙ্গে এক কাপ চায়ে ভিজিয়ে একটি রুটি খেলো মহিত শেখ। যদি ইংরেজ সাহেবের খোঁজ না পাওয়া যায় তাহলে আবার তাকে পায়ে হেঁটে আগুনখেয়ায় ফিরতে হবে।
এ ফেরা কি আগের মতো হবে? আগুনখেয়ার মানুষ তাকে আর কারবারি হিসেবে মানবে না। এটা কোন সমস্যা নয়, তার জীবনে আর পাওয়ার কিছু নেই। সমস্যা হলো, আগুনখেয়ার মানুষ যাকে কারবারি বানাবে, তার সন্তানদের সাথে সেবাগীকে লড়াই করতে হবে। হয়তো সেবাগী আর কখনো কারবারি হতে পারবে না। আগুনখেয়ার আর পাঁচটা মানুষের মতই কারবারির দয়ায় তাকে বেঁচে থাকতে হবে। মহিত শেখ এটা মানতে পারে না। এ রক্তের শেষ উত্তরাধিকার মহিতের অপরাধে নিঃস্ব-রিক্ত অবস্থায় আগুনখেয়ায় বেঁচে থাকবে, মহিত এটা মানতে পারে না।
ইউরোপিয়ান দাতব্য সংস্থার অফিস খুঁজে পেতে বেলা দশটা বেজে গেলো। মহিত ঘড়ি চেনে না। সংস্থার সামনের বিশাল ঘড়িটা ঢং ঢং করে বেজে ওঠাতে মহিত বুঝতে পেরেছে এখন অনেক বেলা। সংস্থার চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। মাঝখানে বিরাট মাঠ। মাঠের মাঝ দিয়ে পিচঢালা রাস্তা চলে গেছে। রাস্তার দুইপাশে দেবদারু গাছের সারি। মাঠের মধ্যে সারিবদ্ধ গাদা ফুলের গাছ । তার মাঝে দুয়েকটা ডালিয়া ফুলের গাছ মাথা তুলে দাঁড়িয়েছে।
মহিতের কাছে একে ইন্দ্রপুরির মতো মনে হলো। পিচঢালা রাস্তা ধরে মহিত সংস্থার শেষ মাথায় দু’তলা ভবনটির সামনে এসে দাঁড়ালো। ভিতরে সব বিদেশী মানুষ। ইন্দ্রপুরির দেব-দেবীদের মতো সুন্দর। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। মহিতের প্রতি কেউ কৌতূহল দেখাল না। মহিত ভ্যাবলার মতো দ্বিতল ভবনের সিঁড়ির উপর দাঁড়িয়ে রইলো। বসে পড়বে কিনা বুঝতে পারছে না। মাথার ভিতর ভন ভন করে ব্যথার ভিমরুল উড়ছে। মহিত শেখ বসে পড়তে যাচ্ছিলো, তখনই ষোড়শী একটি মেয়ে এসে বললো, ভিতরে আসুন মিস্টার!
এসি রুম। ঠান্ডা হাওয়া পাঁজরে গিয়ে লাগছে। জ্বর এসেছে বোধহয়। মহিত নিজের কপালে হাত দিয়ে কিছুই বুঝতে পারলো না। মেয়েটি একপিস স্যান্ডউইচ দিয়ে গেছে। জ্বর মুখে সবকিছু বিস্বাদ লাগে। কিন্তু স্যান্ডউইচটা খেতে মহিতের বেশ ভাল লাগছে। পেটে ক্ষুধা না থাকলে অর্ধেক সেবাগীর জন্য নিয়ে যাওয়া যেতো। ইন্দ্রপুরির ষোড়শী মেয়েটা বড্ড ভাল। এখনো জিজ্ঞেস করেনি মহিত কেন এসেছে। তার আগেই নাস্তা টাস্তা দিয়ে ফেলেছে। মহিতের বড্ড ইচ্ছে করছে, মেয়েটির মাথায় হাত দিয়ে বলে, মা, তুমি দেবী, তুমি বড্ড ভাল।
মেয়েটি গ্লাসে পানি এনে মহিতের সামনে রাখলো। পাশের সোফায় বসতে বসতে বললো, সারারাত ঘুম হয়নি। শুধু হেঁটেছেন না?
মহিত শেখ একেবারে হা হয়ে গেলো। সত্যি দেবী নাকি মেয়েটি? কী করে জানলো সে সারারাত হেঁটেছে!
মেয়েটি মহিতকে বেশিক্ষণ হা করে থাকতে দিলো না।
-বলুন আপনাকে কী সাহায্য করতে পারি? রিনরিনে কিন্তু স্পষ্ট স্বরে জানতে চাইলো মেয়েটি।
কপালে ঘাম নেই, তবু গামছায় কপাল মুছে মহিত বললো, আমি বড্ড বিপদে পড়েছি। এক ইংরেজ সাহেব এ বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে। আমি তার নাম জানি না। সে বাংলায় কথা বলে।
মেয়েটি জানতে চাইলো, আপনি কোথা থেকে এসেছেন?
মেয়েটি হয়তো চিনবে না তবু মহিত বললো, আগুনখেয়া পাহাড় থেকে।
একটু যেন চমকে উঠলো মেয়েটি। আগুনখেয়া পাহাড় কোথায় জানতে চাইলো না। মহিতকে বসিয়ে রেখেই দ্রুত উঠে গেলো। মিনিট দশেক পরে মেয়েটি একটি ছবির ফ্রেম নিয়ে ফিরে এলো। ফ্রেমে অনেকগুলো ইংরেজ সাহেবের ছবি।
মেয়েটি বললো, এই ছবিগুলোর মাঝে আপনি কি সেই ভদ্রলোককে দেখছেন?
মহিত শেখ আঙুল দিয়ে দেখালো, দ্বিতীয় লাইনের পাঁচ নম্বর ছবিটা।
মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে স্বস্তি। যেন সে যা কামনা করছিলো, মহিত তাই বলেছে।
মেয়েটি বললো, ওকে পেতে হলে অপেক্ষা করতে হবে। আপনি একটু ঘুমোন। তার আগে স্নান করে নিন। ক্লান্তি কেটে যাবে।
বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়ে মহিত শেখ অনেক্ষণ গোসল করলো। জ্বর ভাবটা নেই। বেশ শান্তি শান্তি লাগছে। তবু শাওয়ারের পানি মহিতের কাছে পানসে মনে হলো। শাওয়ারের পানির শীতলতা ঝর্ণার মতো হৃদয়কে স্পর্শ করে না। মহিত ঘুমালো বেলা তিনটা পর্যন্ত। এর মধ্যে অদ্ভূত একটা স্বপ্ন দেখলো। আগুনখেয়া পাহাড় থেকে মহিতকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে। যে লোকটা ঠেলে ফেলছে মহিত তার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে না। মহিতের সাহায্যে কেউ এগিয়ে আসছে না। সবাই দূর থেকে তাকে পড়ে যেতে দেখে তুমুল উল্লাস করছে।
ইংরেজ সাহেব অফিসে এসে মহিতকে দেখে বেশ একটা ধাক্কা খেলো।
মেয়েটির মুখে হাসি।
-স্যার! আপনি কি অবাক হয়েছেন?
ইংরেজ সাহেব চেহারায় কৃত্রিম হাসি ফুটিয়ে বললো, খুব।
মহিত চোখ মেলে দেখলো, ইংরেজ সাহেব তার মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এক মুহূর্তের জন্য মহিতের মনে হলো, তার কোন ভয় নেই, কোন দুঃখ নেই, কোন ক্লান্তি নেই। দেবতা সমান এই মানুষটির হাসি তার সব দুঃখ তাড়িয়ে দিয়েছে।
মহিত উঠে বসতে বসতে বললো, স্যার ভালো আছেন?
লোকটি আগের মতই হাসতে হাসতে বললো, স্যার নয়, ডেভিড। আমাকে ডেভিড বলেই ডাকবে।
ডেভিড মহিতের জন্য হায়দারাবাদী বিরিয়ানীর ব্যবস্থা করেছে। হাতমুখ ধুয়ে ডেভিডের সাথে খাবার টেবিলে বসে মহিত যখন বিরিয়ানীতে মুখ দিলো, মহিতের মন খারাপ হয়ে গেলো। এই খাবার সেবাগী কোনদিন খায়নি। হয়তো কোনদিন খেতে পাবে না। মহিতের চোখে জল চলে এলো।
মহিত দুই চার লোকমা মুখে দিয়ে উঠে গেলো।
ডেভিড বললো, কী হলো মহিত? উঠে যাচ্ছো কেন?
মহিত বললো, আমার শরীর খারাপ। জ্বর জ্বর লাগছে।
কপালে হাত দিতে গিয়ে হাতের পিঠ দিয়ে মহিত চোখ মুছলো। ডেভিডের দৃষ্টি এড়ালো না। সে এক টুকরো টিস্যু মহিতের দিকে বাড়িয়ে ধরে বললো, মহিত! চোখ মুছে ফেলো। জীবনে দুঃখ যেমন আছে, দু:খের শেষও আছে। দুঃখ শেষ হওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
ডেভিডের কথায় মহিতের মন থেকে সব দুঃখ উড়াল দিলো। এক ঝাঁক কবুতর যেন মহিতের মনে পেখম মেলতে লাগলো।
সন্ধ্যার পর ডেভিড মহিতকে নিয়ে বসলো তার রুমে। আলো ঝলমল আরামদায়ক রুম। এসি থেকে কুল কুল করে ঠান্ডা হাওয়া বেরুচ্ছে। দুপুরে খাবার পরে ষোড়শী মেয়েটা কী একটা অষুধ দিয়েছিলো। তখন থেকেই মহিতের বেশ ভাল লাগছে। জ্বর কিবা দুঃখবোধ- কোনটাই শরীরে নেই। মনোযোগী শ্রোতার মতো ডেভিড মহিতের কথা শুনলো। একবারও মহিতের মনে হলো না, এই কথাটা ডেভিড শুনতে চায় না। একবারও মনে হলো না, ডেভিডের ধৈর্যচ্যুতি ঘটছে। মুগ্ধ স্রোতার মতো ডেভিড মহিতের মুখের দিকে তাকিয়ে রইলো রাত একটা অবধি। এমন মনোযোগী শ্রোতা পেয়ে মহিত তার জীবনের কোন কথাই বাদ দিলো না। চোখের জল ফেলতে ফেলতে মহিত অকপটে বলে দিলো সব। জীবনের সব সংকটের কথা এবং সর্বশেষ শঙ্কুর টাকা চুরি করা ও স্বর্পপূজার কথা। শুধু ধর্মব্যবসার কথাটা চেপে গেলো একেবারে।
যখন সব কথা শেষ হলো তখন রুমের মধ্যে শুধু একখণ্ড নিরবতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। দীর্ঘ সময় দু’জনের কেউ কথা বললো না। এক সময় রাত্রীর অখণ্ড নিরবতা ছিন্ন করে স্বর্গীয় স্বরে ফিস ফিস করে ডেভিড বলে উঠলো, মহিত! ভাই আমার! মানুষ পাপ করে, এই পাপের প্রায়শ্চিত্ত করতেই ইসা মসীহ পৃথিবীতে এসেছিলেন। শূলিতে চড়ে তিনি সব পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। ইশ্বরকে মানো! ইশ্বরে বিশ্বাস রাখো! ইশ্বর তোমাকে স্বর্গ দেবেন।
নীরব কক্ষ আবারো নীরব হয়ে গেলো। শুধু মহিতের কানে অনবরত বাজতে লাগলো, ইশ্বর তোমাকে স্বর্গ দেবেন, ইশ্বর তোমাকে স্বর্গ দেবেন।
সকালবেলায় মহিত আর ডেভিড ছাইয়া নৌকায় চড়ে আগুনখেয়ার পথে রওনা হলো। সাথে ডেভিডের পরীর মতো সুন্দরী মেয়েটি। সেই ছোট্ট হেলেন।
