আজ থেকে নিরাপত্তাজনিত কারণে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণ নিষিদ্ধ

ফাতেহ ডেস্ক:

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। দুই উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

দুই উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রুমা, রোয়াংছড়ি উপজেলা সদরসহ দুই উপজেলার দেবতাকুম, বগা লেক, কেওক্রাডং, রিজুক ঝরনাসহ যেকোনো পর্যটনস্থানে যাওয়া-আসা থেকে বিরত থাকতে হবে।

রুমা উপজেলার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন মারমা জানিয়েছেন, বর্তমানে যেসব পর্যটক ভ্রমণে রয়েছেন, তাঁদের মঙ্গলবার দুপুরের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। পর্যটন পরিচালনাকারী সব প্রতিষ্ঠান ও ট্যুর গাইডকে ভ্রমণরত পর্যটকদের এবং আগমনপ্রত্যাশীদের মৌখিকভাবে জানিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।

পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কেন জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কয়েক দিন ধরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে এবং ওই ইউনিয়নসংলগ্ন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে। ওই অভিযানের স্বার্থে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ আপাতত স্থগিত করা হয়েছে।

আগের সংবাদজাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের বিবৃতি
পরবর্তি সংবাদসংখ্যালঘু ভাবা হিন্দুদের হীনমন্যতা: প্রধান বিচারপতি