
ফাতেহ ডেস্ক:
ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে সুদান।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফ্রিকার দেশটির মন্ত্রিসভা।
সেখানে বলা হয়েছে, বুধবার খার্তুমে আগত মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের সঙ্গে ‘আব্রাহাম চুক্তিতে (সম্পর্ক স্বাভাবিককরণ)’ স্বাক্ষর করেছেন আইন ও বিচার মন্ত্রী নাসুর আলদিন আবদুল বারী।
এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর তৃতীয় আরব দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো সুদান। এর আগে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করে উপসাগরীয় দেশ দুটি।
আরব নিউজের খবরে বলা হয়, গত অক্টোবরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, সুদান ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।
বুধবার সকালে বিশ্বব্যাংকের কাছ থেকে এক বিলিয়ন ডলার সহায়তা নেয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সুদান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সুদানকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সরিয়ে দেয়ার এক মাস পর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হলো।
এই পদক্ষেপটি সুদানকে দীর্ঘ ২৭ বছর পর প্রথমবারের মতো বিশ্বব্যাংকের বার্ষিক অর্থায়নে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পেতে সক্ষম করে তুললো।
প্রসঙ্গত, চতুর্থ আরব দেশ হিসেবে ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ করতে রাজি হয়েছে মরক্কো। তবে তাদের মধ্যে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।
