‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ বিষয়ক সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ফাতেহ ডেস্ক

১৬ জুলাই শুরু হতে যাওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মিনিস্টেরিয়াল টু অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। ১২ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ বিষয়ক দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনে সান দিয়াগোর সিনাগগে, নিউজিল্যান্ডের মসজিদে এবং শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। মিয়ানমার বর্বরতার ভিকটিমরাও থাকবেন এ সম্মেলনে। রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায় নিধনের ঘটনাবলী প্রাধান্য পাবে বলেও জানা গেছে। চীনে উইঘুর মুসলমানদের ওপর চলমান বর্বরতাও স্থান পাবে এ সম্মেলনে।

জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওসহ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের সাথেও বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে তাদের কার্যকর সহযোগিতার আহবান জানাবেন। ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির উর্দ্ধতন কর্মকর্তার সাথেও কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার ধর্মীয় স্কলার, মানবাধিকার সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি, লেখক-সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক অংশ নেবেন। সঙ্গে বেশ কয়েকটি দেশের মন্ত্রীও অংশ নেবেন বলে জানান যুক্তরাষ্ট্রের এ্যাম্বাসেডর এ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক।

আগের সংবাদগাজীপুরে নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলে আগুন, দগ্ধ ৮
পরবর্তি সংবাদগাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরাইলের হামলা, আহত ৫৫