
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়া হয়েছে। শুক্রবার আফগান সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।
এর আগে আফগানিস্তানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিদ্যালয় খোলা হয়। নতুন করে এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির মেয়েদের বিদ্যালয় বলখ থেকে খোলা শুরু হলো। বিদ্যালয়ে আসতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।
তামান্না নামের এক শিক্ষার্থী বলে, ‘আমরা বলতে পারি না যে সবকিছুই স্বাভাবিক রয়েছে। তবে যখন দেশের পরিস্থিতি আমরা বিবেচনা করি, এই অবস্থা ভালো এবং আমরা সন্তুষ্ট।’
অপরদিকে ফাতেমা নামে অপর শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার প্রক্রিয়া প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার বিষয় এবং আমাদের শিক্ষকরা আমাদের সহায়তা করছেন। সাথে সাথে বিদ্যালয়ে আসার সময় নিরাপত্তা পরিস্থিতিও ভালো ছিলো।’
এদিকে বলখের শিক্ষা বিভাগের কর্মকর্তারা অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেনো তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠায়।
শিক্ষা বিভাগের প্রধান মৌলভি মোহাম্মদ নাইম বলখি বলেন, ‘আমরা চাই সব পরিবারগুলো উন্নত ভবিষ্যতের জন্য তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান। উন্নত ভবিষ্যৎ, উন্নত ও সমৃদ্ধ সমাজের জন্য শিক্ষিত প্রজন্ম প্রয়োজন।’
সূত্র : তোলো নিউজ
