আফগানে যুদ্ধ ছাড়া বিকল্প নেই: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর আফগানিস্তানের সমানগান প্রদেশে গোয়েন্দা সংস্থার সদর দফতরে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। এই হামলায় ১০জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে। খবর আল জাজিরার।

তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ৬০ জনেরও বেশি লোক আহত এবং নিহত হয়েছে। মেডিকেল সূত্র জানিয়েছে, ৩০ জনেরও বেশি আহতকে রাষ্ট্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল-জাজিরার সংবাদদাতা এক সরকারী কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, একটি গাড়ি বোমা দিয়ে এই হামলা চালানো হয়েছে। তার পরে গোয়েন্দা অফিসে হামলা চালায় একদল বন্দুকধারী। গোয়েন্দা ব্যুরোর আশেপাশে বন্দুকধারী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, এই হামলায় কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে।

জেলা স্বাস্থ্য পরিচালক খলিল মোসাদ্দাক বলেছেন, এই হামলায় বেসামরিক ও নিরাপত্তা বাহিনী মিলিয়ে ৪৩ জন আহত হয়েছে। এবং সংখ্যাটি আরও বাড়তে পারে। যারা আহত হয়েছে, তারা অধিাকংশই বেসামরিক লোক। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রোববার রাতে কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব ও শর দোরা জেলায় সরকারি বাহিনীর ১৮ সদস্য এবং চার তালেবান নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, এমন এক সময় তালেবান এ হামলা চালিয়েছে, যখন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে আফগান সরকার এবং তালেবানকে শান্তি আলোচনায় বসিয়ে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে। কিন্তু রোববার তালেবান জানিয়েছে, আফগানিস্তানে এখন যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প পন্থা নেই।

আগের সংবাদআমিরাতের শারজায় আরও ৫০টি নতুন মসজিদ নির্মিত
পরবর্তি সংবাদদেশে একদিনে মৃত্যু ৩৩, শনাক্ত ৩১৬৩