
ফাতেহ ডেস্ক
আফ্রিকার দেশ ক্যামেরুনে একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে এই হামলা চালানো হয়।
জাতিসংঘের মানবিক সহায়তার সমন্বয়ক সংস্থার কর্মকর্তা জেমস নুয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের অর্ধেকের বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে গর্ভবতী নারীও রয়েছেন। নিহত ১৪ শিশুর মধ্যে ৯ জনেরই বয়স পাঁচ বছরের নিচে। নিহতদের মধ্যে বেশ কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
তিনি আরও বলেন, যে গোষ্ঠীই এই হামলা চালাক না কেনও বোঝাই যাচ্ছে সামনে আরও হামলার হুমকি আছে। আমরা যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তারা সবাই মানসিক আঘাত পেয়েছেন আর এই ধরনের ঘটনার আশা করেননি।
ক্যামেরুনের অন্যতম বিরোধী দল মুভমেন্ট ফির দ্য রিবার্থ অব ক্যামেরুনের এক বিবৃতিতে ওই হামলার জন্য দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধানকে দায়ী করেছেন। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্যামেরুনের এক সেনা কর্মকর্তা।
-এ
