আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অতিদ্রুত খুনিদের গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। দেশব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র পরিষদ, যশোরের আয়োজনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক আফরোজ সুলতানা মৌ, যুগ্ম আহ্বায়ক আশিক ইকবাল, আরিফ খান, নুসরাত নাজনীন, অলিক মোহাম্মদ প্রমুখ।

বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রধান ফটকে সর্বস্তরের শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালী সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে একটি বিক্ষোভ মিছিল সরকারি কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ সদস্যদের গ্রেফতার ও বিচা‌রের দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন ক‌রে‌ছে ছাত্র ইউ‌নিয়ন। মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে ছাত্র ইউ‌নিয়ন রাজবাড়ী জেলা সংস‌দের আয়োজ‌নে শহরের ১নং রেল‌গেট সংলগ্ন মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তি ফল‌কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগের সংবাদআবরারের ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি মাওলানা আবুল হাসানাত আমিনীর
পরবর্তি সংবাদআবরার হত্যা : ছাত্রলীগের ১০ জন রিমান্ডে, মামলার তদন্তে ডিবি পুলিশ