আবরার হত্যা : ১৯ জনকে আসামি করে মামলা, ছাত্রলীগের ১১জনকে বহিষ্কার

ফাতেহ ডেস্ক :

বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে চকবাজার থানার ওসি আলী হোসেন খান মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। ওই মামলায় আসামি ১৯ জন। এর মধ্যে আটকরাও রয়েছেন। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

এদিকে আবারার ফাহাদকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুয়েট শাখার বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহসভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপদফতর সম্পাদক মুজতবা রাফিদ, সদস্য মুনতাসির আল জেমি, সদস্য এহতেমামুল রাব্বি তানিম, সদস্য মুজাহিদুর রহমান।

এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, আবরার হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করে বুয়েটের ৯ জন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করেছে।

উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগের সংবাদতিউনিসিয়ার সংসদীয় নির্বাচন, জিততে যাচ্ছে ইসলামপন্থী ‘আন নাহদা’
পরবর্তি সংবাদআবরার হত্যাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলছে বুয়েট প্রশাসন