আমরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া ও জেনোফোবিয়া মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। খবর আল জাজিরা’র।

গত শনিবার পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসকদের সমিতির ৪৬তম বার্ষিক সম্মেলনে পাঠানো এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, পুরো বিশ্বের মুসলমানরা যখন পবিত্র ঈদুল আযহা পালন করছে, সে সময় সুইডেনে পবিত্র গ্রন্থ কোরআনের ওপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ংকর মাত্রাকেই প্রকাশ করে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বের সব মুসলিমকে নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এ ক্ষেত্রে আমাদের সবার, সব মুসলমানদের দায়িত্ব রয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সব মুসলমান যদি এক হয়ে কাজ করি, তাহলে বিশ্বের কেউ আমাদের আক্রমণ করার সাহস পাবে না।

এ সময় এরদোয়ান দুই ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে তুর্কি ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী বন্ধনের বিষয়টিও তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৮ জুন সুইডেনের একটি মসজিদের সামনে একজন ইরাকি খ্রিষ্টান অভিবাসী কোরআন অবমাননা করলে মুসলিম দেশগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সুইডেনের আদালতের অনুমোদনক্রমেই ওই ব্যক্তি এ ঘটনা ঘটায়। তবে বিশ্বজুড়ে প্রতিবাদ-সমালোচনা শুরু হলে সুইডেনের পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে।

আগের সংবাদচিকিৎসা বিজ্ঞানে গবেষণায় জোর দিতে বললেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী