
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে জানিয়েছে সদ্য আফগান বিজয়ী তালেবান। তালেবানের দোহাস্থ রাজনৈতিক কার্যালয় থেকে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তাদের মুখপাত্র ড. নাইম ওয়ারদাক।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনারা কিছু ভাবছেন? এমন প্রশ্নে তালেবানের এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বিপুল জনগোষ্ঠীতে সমৃদ্ধ বাংলাদেশ মানবসম্পদের বিচারে খনিতুল্য। আঞ্চলিক অর্থনীতিতে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ইসলামি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’
বাংলাদেশে কোনো দল, গোষ্ঠী বা সংগঠনের সঙ্গে তালেবানের সম্পর্ক আছে? জানতে চাইলে ড. নাইম ওয়ারদাক বলেন, ‘বাংলাদেশের কোনো দল বা সংগঠনের সঙ্গে তালেবানের কোনো সম্পর্ক নেই।’
