
আন্তর্জাতিক ডেস্ক:
আরাফার দিনে মক্কার মসজিদে নামিরাতে বিকল্প খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ মাহের আল মুয়াইক্লি। সোমবার (১৯ জুন) মক্কার সংবাদমাধ্যম হারামাইন শরীফীনের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে।
হারামাইন শরীফীনের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়, এ বছর আরাফার দিনে মসজিদে নামিরাতে বিকল্প খতিব হিসেবে শেখ মাহের আল মুয়াইকলিকে নিয়োগ করা হয়েছে।
রোববার (১৮জুন) রাতে সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল ঘোষণা করেছে যে, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭জুন হবে আরাফার দিন। এরপরে ২৮জুন দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
এ বছরের রমজান মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ পড়িয়েছেন শেখ মাহের আল মুয়াইকলি।
তিনি ছাড়াও সে সময় আরও পাঁচজন ইমাম মসজিদুল হারামে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ পড়িয়েছেন। তারা হলেন— শেখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানি, শায়খ আবদুর রহমান আল সুদাইস, শেখ সৌদ আল শুরাইম, শেখ ইয়াসির আল দাওসারি ও শেখ বন্দর বলেলাহ।
শেখ মাহের আল মুয়াইক্লি মক্কার গ্র্যান্ড মসজিদ ও মসজিদ আল-হারামের একজন ইমাম এবং প্রচারক। তিনি মক্কা আল-মুকাররামার আল-আওয়ালি জেলার আল-সাদি মসজিদের খুতবা দিয়েছিলেন।
১৪২৬ ও ১৪২৭ হিজরিতে পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে নামাজের নেতৃত্ব গ্রহণ করেন। এরপর ১৪২৮ হিজরিতে রমজান মাসে গ্র্যান্ড মসজিদে তারাবিহ ও তাহাজ্জুদের নামাজের ইমামতি করেছিলেন। সেই বছর এখন পর্যন্ত তিনি গ্র্যান্ড মসজিদের সরকারি ইমাম হিসাবে নিযুক্ত হন।
