আর্থিক সংকটে পাবনা মানসিক হাসপাতাল, রোগী ভর্তি বন্ধ

ফাতেহ ডেস্ক:

খাবার ও আর্থিক সংকটের কারণে পাবনা মানসিক হাসপাতালে ফ্রি বেডে রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ফ্রি বেডে চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেইন বেডে রোগী ভর্তি চলছে।

রোববার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমার রায় সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে শনিবার সকাল থেকেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়।

অফিস আদেশে বলা হয়েছে, আদালত কর্তৃক হাসপাতালের টেন্ডার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করায় টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে রোগীদের পণ্য/খাবার সরবরাহের জন্য ঠিকাদার নিযুক্ত হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র মারফত এবং সরাসরি জানানো হয়েছে। কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ বা নির্দেশনা প্রদান না করায় রোগীদের পণ্য/খাবার সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না। তাই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে ভর্তি রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কনসালটেন্ট ও ওয়ার্ড ডাক্তারদের নির্দেশ প্রদান করা হলো।

হাসপাতালের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার এই হাসপাতালে এখন আনুমানিক ৪৮০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ১৫০ জনের মতো পেইন বেডে ভর্তি। বাকি রোগী ফ্রি বেডের।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৪ জুন ‘রোজ এন্টারপ্রাইজ’ নামে পাবনা মানসিক হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করা জটিলতা নিয়ে পাবনা জজকোর্টে একটি মামলা দায়ের করে। ওই বছরের ২৯ জুন আদালত সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলে শুরু হয় জটিলতা।

 

আগের সংবাদসাংবাদিকদের সুরক্ষায় ইসির উদ্যোগ, যুক্ত হচ্ছে নতুন বিধান
পরবর্তি সংবাদদাখিল পরীক্ষায় আরবি বাদ : আলিয়ায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমছে