
ফাতেহ ডেস্ক:
দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকালে তিনি হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমিরের কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মঈনুদ্দিন রুহী।
সূত্রমতে জানা যায়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক প্রায় ঘণ্টাখানেক হেফাজত আমিরের সঙ্গে একান্ত বৈঠক করেন বলে তিনি জানান। বৈঠকে ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী ও হেফাজত আমিরের একান্ত ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলমসহ হেফাজতে ইসলামের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন বলে সূত্র নিশ্চিত করে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। এ ছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক এ প্রতিবেদককে বলেন, ‘এডিশনাল আইজিপি স্যার হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে বিষয়টা আমরা জানতাম। ’
তিনি বলেন, এডিশনাল আইজিপি মাহবুব হোসেন মূলত হুজুরের (আল্লামা শফী) কাছ থেকে দোয়া নিতে এসেছেন। এ সময় তিনি হুজুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দোয়া প্রার্থনা করেন।
এছাড়া কয়েক মাস আগে তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি থেকে এডিশনাল আইজিপি হয়েছেন। পদোন্নতির পরপর তিনি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তাই (মঙ্গলবার) বিকালে তিনি হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।
-এ
