
মূল: আল্লামা ইকবাল
অনুবাদ: দানিয়াল মাহমুদ সাব্বির
রাষ্ট্রবাদ
এই সময়ে মাদক ভিন্ন, পেয়ালা ভিন্ন, এমনকি সম্রাটও ভিন্ন,
পরিবেশনকারীর তরিকায় রাগ-অনুরাগ ভিন্ন।
মুসলমানও নিজের মতো ভিন্ন উপাস্য ঠিক করে নিয়েছে,
সভ্যতার ধ্বজাধারী (আজর)-ও কথিত সভ্যতার নামে প্রতিমা বানিয়েছে৷
এসকল জীবন্ত প্রতিমাদের মধ্যে সবচে’ ভয়ানক হচ্ছে রাষ্ট্রবাদ—
মূলত তার পোশাকি আবরণই হচ্ছে ধর্মকে ঢেকে রাখার কাফন।
জন্মভূমির প্রতি উপাস্য-প্রেম কথিত নতুন সভ্যতার এমনই এক বিভ্রম;
যা নববী জীবনধারার চূড়ান্ত সর্বনাশা পদক্ষেপ।
তোমার বাহু তো সত্যের বলে বলিয়ান,
তোমার সীমানা ইসলাম, তোমার পরিচয় উম্মতে মুহাম্মাদি।
ঐতিহ্যের বাস্তবতা সময়ে তুলে ধরো
হে মুহাম্মাদি, এসব উপাস্যকে ধূলিসাৎ করো!
যদি সীমানায় বাঁধা পড়ো, পরিণামে অনিবার্য বিনাশ
সমুদ্রে মাছের মতো করো রাষ্ট্রবিহীন মুক্ত বসবাস!
দেশপ্রেমের ঊর্ধ্বে ওঠা নবীজির সুন্নাত
তোমারও উচিত নবুওয়তের সত্যায়নে সাক্ষ্য দেওয়া।
রাজনীতির ফাঁকা ইশতিহারে যেমন দেশ ভিন্ন কিছু,
নবীজির অর্থবহ ইরশাদেও দেশের হাকিকত অন্যকিছু।
দুনিয়াজুড়ে মানুষে-মানুষে দ্বন্দ্বের রহস্য এখানেই,
পুঁজিবাদী তিজারতের মোহমন্ত্র নিহিত এখানেই!
এর দোহাই দিয়েই রাজনীতি হয়েছে সত্যমুক্ত,
এর দোহাই দিয়েই আজও দুর্বলের ঘর হয় লুটপাট।
আল্লাহর মাখলুক জাতিতে-জাতিতে ভাগ হয়ে যায় রাষ্ট্রবাদিতায়;
জাতীয়তাবাদের করালগ্রাসে ইসলামের গতিবেগ যায় থেমে।
দুআ
তোমার প্রার্থনায় তো তাকদীর পরিবর্তন হবে না
তবে সম্ভাবনা আছে যে, দুআর পরিক্রমায় তুমি বদলে যাবে
পরিবর্তনের সূচনা যদি স্বয়ং তোমাকে দিয়ে হয়
তবে চারপাশের বদলে যাওয়া আশ্চর্য কিছু নয়
সেই মাদক, সেই মাতম এখনও অবশিষ্ট থেকে যাবে
যদিও গ্রহণকারীর পন্থা ও ক্ষেত্র বদলে যাবে
তোমার প্রার্থনা, যেন তোমরা আকাঙ্ক্ষা পূরণ হয়
আমার দুআ, যেন তোমার প্রার্থনা বদলে যায়।
