
ফাতেহ ডেস্ক:
আল্লামা আহমদ শফির মৃত্যুতে হেফাজতে ইসলামের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের ইসলামের মহাসচিব, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শনিবার দুপুর একটায় (১৯ সেপ্টেম্বর) আহমদ শফির জানাযাপূর্ব এক বয়ানে এ কথা বলেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন—এই ক্ষতি সবাই মিলে পূরণ করার চেষ্টা করবেন।
বয়ানে তিনি বলেন, আল্লামা আহমদ শফি শুধু পরিবারের অভিভাবক ছিলেন না, বরং পুরো দেশের অভিভাবক ছিলেন। তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আপনারা হজরতের জন্য দোয়া করবেন। তার পরিবারের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
