আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা করতে গিয়ে আটক

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) একটি প্রেসে ফাউন্ডেশনের মানি রিসিট বই ছাপাতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটি জানায়, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে মামলা দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি প্রেসে ফাউন্ডেশনের মানি রিসিট বুক ছাপাতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়।

মানি রিসিট ছাড়াও বেশ কয়েকটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একাউন্টের মাধ্যমে ২০১৯ সাল থেকে নিজেকে ফাউন্ডেশনের প্রতিনিধি পরিচয় দিয়ে সে প্রতারণা করে আসছিল। ধরা পড়ার পর তার মোবাইল চেক করলে এসব তথ্য বেরিয়ে আসে।

দীর্ঘদিন প্রতারণার সাথে জড়িত থাকলেও এ বিষয়ে তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।

তার নাম মিজানুর রহমান তারেক। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পূর্ব নটেশ্বরে তার বাড়ি।
তার নামে (১৭ অক্টোবর, ২০২৪) মতিঝিল থানায় দণ্ডবিধি ১৮৬০ আইনের আওতায় ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় প্রতারণা মামলা দেয়া হয়েছে।

আমরা আশা করছি, অন্য কোনো প্রতারক চক্র থাকলে এর মাধ্যমে তারাও সতর্ক হবে এবং প্রতারণার পথ পরিত্যাগ করবে।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসের বাইরে মানি রিসিট দিয়ে অনুদান নেয় না।

ফাউন্ডেশনের অনুদান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট অনুসরণ করুন।’

আগের সংবাদপাঠ্যবই থেকে বাদ হচ্ছে হাসিনার ছবি, যুক্ত হচ্ছে গ্রাফিতি
পরবর্তি সংবাদবিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নিবে না: খেলাফত আন্দোলন